ঘরে বসেই এবার অ্যাপেল-টেসলায় বিনিয়োগ! ভারতের ৪ বড় ব্রোকারেজ সংস্থাকে ঐতিহাসিক ছাড়পত্র GIFT City-র

ঘরে বসেই এবার অ্যাপেল-টেসলায় বিনিয়োগ! ভারতের ৪ বড় ব্রোকারেজ সংস্থাকে ঐতিহাসিক ছাড়পত্র GIFT City-র

কলকাতা: ভারতীয় খুচরো বিনিয়োগকারীদের (Retail Investors) জন্য আন্তর্জাতিক লগ্নির দুনিয়ায় এক বিরাট সম্ভাবনার দরজা খুলে গেল। এবার ভারতে বসেই মাত্র এক ক্লিকে আমেরিকার শেয়ার বাজারে (US Stocks) বিনিয়োগ করতে পারবেন সাধারণ মানুষ। গুজরাটের ‘গিফট সিটি’ (GIFT City)-র মাধ্যমে আন্তর্জাতিক বাজারে এই পরিষেবা দেওয়ার জন্য ভারতের শীর্ষ চার স্টক ব্রোকিং প্ল্যাটফর্ম—Zerodha, Groww, Upstox এবং Angel One-কে সবুজ সঙ্কেত দিল নিয়ন্ত্রক সংস্থা IFSCA।

এর ফলে টেসলা (Tesla), অ্যাপেল (Apple) কিংবা এনভিডিয়া (Nvidia)-র মতো বিশ্বের প্রথম সারির টেক জায়ান্ট সংস্থাগুলির শেয়ারে সরাসরি টাকা খাটিয়ে লাভের মুখ দেখতে পাবেন ভারতের আমজনতা।

কবে থেকে শুরু হচ্ছে এই পরিষেবা?

সূত্রের খবর, আগামী ২ থেকে ৩ মাসের মধ্যেই এই ব্রোকারেজ প্ল্যাটফর্মগুলি তাদের আন্তর্জাতিক বিনিয়োগ পরিষেবা চালু করতে পারে। বর্তমানে প্রযুক্তিগত পরিকাঠামো তৈরি, পরীক্ষামূলক ট্রায়াল এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ জোরকদমে চলছে। উল্লেখ্য, কিছুদিন আগেই ‘Dhan’ নামের একটি বিনিয়োগ প্ল্যাটফর্ম তাদের গ্রাহকদের জন্য আমেরিকার বাজারে বিনিয়োগের সুযোগ চালু করেছে।

কী ভাবে কাজ করবে এই ব্যবস্থা?

আন্তর্জাতিক বাজারে ভারতীয়দের এই বিনিয়োগ প্রক্রিয়া মূলত দুটি আলাদা মডেলে পরিচালিত হবে:

  • ১. গ্যাপ মডেল (GAP Model): ‘Groww’ এবং ‘Angel One’ কাজ করবে ‘গ্লোবাল অ্যাক্সেস প্রোভাইডার’ হিসেবে। IFSCA-র কড়া নজরদারিতে খুব কম খরচে এবং নিরাপদ উপায়ে আন্তর্জাতিক বাজারে ট্রেডিংয়ের সুবিধা দেবে এই মডেল।
  • ২. ব্রোকার-ডিলার মডেল (Broker-Dealer Model): ‘Zerodha’ এবং ‘Upstox’ কাজ করবে ব্রোকার-ডিলার হিসেবে। আমেরিকার বাজারে লেনদেনের জন্য তারা ViewTrade International, Interactive Brokers এবং Alpaca Securities-এর মতো নামী আন্তর্জাতিক ক্লিয়ারিং পার্টনারদের সঙ্গে হাত মিলিয়েছে। এই বিদেশি পার্টনাররা Charles Schwab এবং Robinhood-এর মতো আমেরিকার প্রথম সারির ব্রোকারেজ প্ল্যাটফর্মের মাধ্যমে ভারতীয়দের ট্রেডিং পরিচালনা করবে।

টাকা তোলার ক্ষেত্রে লাগবে না কোনও চার্জ!

গত বছরের অগস্টে GIFT City এই বিশেষ ফ্রেমওয়ার্ক তৈরি করেছিল, যার মূল উদ্দেশ্য ছিল ভারতীয়দের আন্তর্জাতিক লগ্নি সহজ করা। এই ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হলো ‘জিরো উইথড্রয়াল চার্জ’ (Zero Withdrawal Charges)। অর্থাৎ, আন্তর্জাতিক বাজার থেকে বিনিয়োগের টাকা যখন লাভসহ ভারতে ফিরিয়ে আনা হবে, তখন কোনও অতিরিক্ত ফি বা টাকা তোলার চার্জ দিতে হবে না। তবে স্বাভাবিক ব্রোকারেজ বা প্ল্যাটফর্ম ফি প্রযোজ্য হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *