আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হওয়া সেই একরত্তি আজ হলিউডে! দিশানীকে কী ভাবে পেয়েছিলেন মিঠুন?

বিনোদন ডেস্ক: অভিনেতা মিঠুন চক্রবর্তীর পরিবারে এবার সানাই বাজার সুর। বড় ছেলে মহাক্ষয়ের বিয়ের পর এবার জামাই ঘরে আনতে চলেছেন বলিউডের ‘ডিস্কো ড্যান্সার’। দীর্ঘদিনের প্রেমিক মাইলস মান্টজারিসের সঙ্গে বাগদান (Engagement) সেরে ফেললেন মিঠুন-কন্যা দিশানী চক্রবর্তী। নিজেই সমাজমাধ্যমে আংটি বদলের মিষ্টি ছবি পোস্ট করে এই সুখবর ভাগ করে নিয়েছেন তিনি।
ডিসেম্বরেই বসছে বিয়ের আসর
ইনস্টাগ্রামে বাগদানের একগুচ্ছ ছবি শেয়ার করে দিশানী লিখেছেন, “০৬.১২.২০২৬… আমার জীবনের সবচেয়ে সহজ এবং সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত।” তাঁর এই পোস্ট থেকেই স্পষ্ট যে, আগামী ৬ ডিসেম্বর প্রেমিক মাইলসের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি।
আবর্জনার স্তূপ থেকে চক্রবর্তী বাড়ির অন্দরমহল
দিশানী চক্রবর্তীকে পাওয়ার গল্পটা কোনও সিনেমার চেয়ে কম নয়। বহু বছর আগে কলকাতার এক ডাস্টবিনের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছিল এক সদ্যজাত কন্যাশিশুকে। খবরটি নজরে আসতেই আর স্থির থাকতে পারেননি মিঠুন চক্রবর্তী। স্ত্রী যোগিতা বালিকে সঙ্গে নিয়ে সমস্ত আইনি নিয়ম মেনে সেই একরত্তিকে দত্তক নেন তিনি। নিজের তিন ছেলের মতোই ভালোবাসা দিয়ে দিশানীকে বড় করে তোলেন মিঠুন। চক্রবর্তী পরিবারের চোখের মণি হয়ে ওঠেন তিনি।
পড়াশোনা ও হলিউড সফর
মিঠুনের আদরের মেয়ে দিশানী শুধু পড়াশোনাতেই নয়, অভিনয়েও নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। অভিনয়ের পাঠ নিতে তিনি পাড়ি দিয়েছিলেন সুদূর আমেরিকায়। লস অ্যাঞ্জেলেসের ‘নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি’ এবং ‘লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট’ থেকে সিনেমা নিয়ে পড়াশোনা করেন দিশানী।
পরবর্তীতে হলিউডের বেশ কিছু শর্ট ফিল্ম ও থিয়েটারে কাজ করেছেন তিনি। ‘গিফট’ (Gift), ‘হোলি স্মোক’ (Holy Smoke), ‘আন্ডারপাস’ (Underpass) এবং ২০২২ সালের ‘দ্য গেস্ট’ (The Guest)-এর মতো বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা এবং চিত্রনাট্য লেখার কাজও সামলেছেন তিনি। ডাস্টবিন থেকে শুরু হওয়া জীবনের সেই কঠিন লড়াই পার করে আজ দিশানী শুধু সফলই নন, জীবনের এক নতুন অধ্যায়ও শুরু করতে চলেছেন। নেটিজেনরা ইতিমধ্যেই হবু দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।