দাগি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের গদি কাড়ার বিল, বড়সড় বদলের সুপারিশ যৌথ সংসদীয় কমিটির

ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের টানা ৩০ দিন হেফাজতে থাকলেই সরাসরি পদ থেকে অপসারণের কেন্দ্রীয় বিলে সায় দিল না যৌথ সংসদীয় কমিটি (জেপিসি)। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, কমিটি চূড়ান্ত রিপোর্টে ‘অপসারণ’ শব্দের বদলে অভিযুক্তদের ‘সাসপেন্ড’ করার প্রস্তাব দিয়েছে। তবে পরবর্তীতে কোনও মন্ত্রী বেকসুর খালাস পেয়ে গেলে তাঁর সাসপেনশন প্রত্যাহারের সুপারিশও করা হয়েছে রিপোর্টে। আগামী সপ্তাহেই এই বিশেষ রিপোর্টটি সংসদে জমা পড়তে চলেছে বলে সূত্রের খবর।
জেপিসি তাদের এই রিপোর্টে কোন বিষয়গুলিকে ‘গুরুতর অপরাধ’ হিসেবে গণ্য করা হবে, তারও একটি স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী, যে সমস্ত অপরাধের ক্ষেত্রে ন্যূনতম পাঁচ বছর বা তার বেশি সময়ের কারাদণ্ডের আইনি সম্ভাবনা থাকে, সেগুলিকে ‘গুরুতর অপরাধ’ হিসেবে বিবেচনা করা হবে। অপরাধের গুরুত্ব নির্ধারণের পাশাপাশি মন্ত্রীদের সুরক্ষাকবচ ও আইনি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতেই কমিটির এই নতুন পদক্ষেপ।