সেমিফাইনালে উঠেও ফুটবলারদের উপর চরম ক্ষুব্ধ টুখেল, নকআউটের মাঝেই ইংল্যান্ড শিবিরে বড় ভাঙন

নরওয়েকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেও থ্রি-লায়ন্সদের খেলায় অত্যন্ত বিরক্ত কোচ টমাস টুখেল। ম্যাচ জয়ের পর দলের পারফরম্যান্স নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়ে জার্মান কোচ স্পষ্ট জানান, মাঠের টেকনিক্যাল ভুল ও ঢিলেমি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রতিপক্ষের ভুলের সুযোগে জুড বেলিংহ্যামের জোড়া গোলে ম্যাচ জিতলেও ইংল্যান্ডের বল দখলের হার প্রথমার্ধের ৬৮ শতাংশ থেকে দ্বিতীয়ার্ধে একধাক্কায় ৪৪ শতাংশে নেমে যায়। উইং ব্যবহার ও আক্রমণের গতি নিয়ে কোচের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকলেও ফুটবলাররা মাঠে তা কার্যকর করতে ব্যর্থ হন, যা দলের অন্দরে তৈরি করেছে চরম অস্বস্তি।
সহকারী কোচ অ্যান্টনি ব্যারিও দলের পুরনো ভয়ের প্যাটার্নে ফিরে যাওয়ার প্রবণতা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন। পাঁচ ম্যাচ পরেও খেলার এই বিশৃঙ্খল চিত্র বজায় থাকায় ফুটবল মহলে প্রশ্ন উঠছে ইংল্যান্ডের জয়ের ধারাবাহিকতা নিয়ে। সেমিফাইনালে শক্তিশালী আর্জেন্তিনার মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষের উইংয়ের দুর্বলতাকে কাজে লাগাতে মরিয়া টুখেল। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগে রক্ষণ ও মাঝমাঠের এই মারাত্মক ভুলগুলো শুধরে দল নিজেদের সেরা ফর্মে ফিরতে পারে কিনা, এখন সেটাই দেখার।