কমিশন না বাড়লে রেশন দোকানে সিসিটিভি নয়! ডিলারদের বৈঠকে উপস্থিত খোদ প্রধানমন্ত্রীর ভাই

রেশনের সামগ্রীতে কমিশন বৃদ্ধির দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজ্যের কোনও রেশন দোকানে সিসিটিভি বসানো হবে না। সোমবার কলকাতার মহাজাতি সদনে সারা ভারত ফেয়ার প্রাইজ শপ ডিলার্স ফেডারেশনের সামিটে এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সহ-সভাপতি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদি। তিনি জানান, একজোট হয়ে আন্দোলনের মাধ্যমেই সরকারের কাছ থেকে নিজেদের নায্য দাবিদাওয়া আদায় করে নিতে হবে।
বর্তমানে রাজ্যের রেশন ডিলাররা কুইন্ট্যাল প্রতি ১০৫ টাকা কমিশন পান। কিন্তু দীর্ঘদিন ধরে তা বাড়িয়ে ২০০ টাকা করার দাবিতে অনড় রয়েছেন তাঁরা। সম্প্রতি খাদ্য দপ্তরের তরফ থেকে প্রতিটি রেশন দোকানে বাধ্যতামূলকভাবে সিসিটিভি লাগানোর নির্দেশিকা জারি করা হয়। এদিন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু-সহ অন্যান্য নেতাদের উপস্থিতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কমিশন না বাড়ালে সিসিটিভি বসানোর সরকারি নির্দেশ কোনোভাবেই মানা হবে না।