“বিজেপিতে না এলে পরিবার শেষ!” — মোদী-শাহকে তোপ দেগে বিস্ফোরক সিজেপি প্রধান দীপক

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ তুললেন সিজেপি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। তাঁর দাবি, বিজেপিতে যোগ দেওয়ার জন্য তাঁর ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছে। এমনকি দলবদল না করলে তাঁকে ও তাঁর পরিবারকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, “আমি বয়সে মোদী-শাহের নাতির মতো, অথচ তাঁরা আমাকে এতটাই ভয় পান যে এভাবে ধমকে-চমকে হুমকি দিতে হচ্ছে!” বিজেপির সমালোচনা করে তিনি আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা, যুবসমাজ কিংবা কর্মসংস্থান নিয়ে শাসকদলের কোনো মাথা ব্যথা নেই; কেবল ক্ষমতা দখলই তাদের একমাত্র লক্ষ্য।
বিজেপির সংস্কৃতিকে কাঠগড়ায় তুলে দীপক বলেন, “আজকের বিজেপিতে শুধু ধর্ষক ও দাগি অপরাধীদেরই কদর বেশি। কুলদীপ সিং সেঙ্গারের মতো অপরাধীরা জেল থেকে বের হলে ফুল দিয়ে বরণ করা হয়। এই যদি দেশের সংস্কৃতি হয়, তবে এরাই আবার শিক্ষাব্যবস্থা সংস্কারের কথা বলে!”
দেশের বর্তমান পরিস্থিতিতে রাহুল গান্ধীর অবস্থানকে সমর্থন জানিয়ে তিনি যোগ করেন, যুবসমাজ, শিক্ষা ও কর্মসংস্থানের সংকট মেটাতে দেশবাসীকে আজ একজোট হতে হবে। যেকোনো অন্যায় ও ছাত্র স্বার্থের বিরুদ্ধে সিজেপি লড়াই চালিয়ে যাবে।
দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “দিল্লি পুলিশ সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে চলে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর যে পেলেট গান ও একে-৪৭ ব্যবহার করা হলো, তা কি স্বরাষ্ট্রমন্ত্রীর অজান্তে সম্ভব? ইতিমধ্যেই এক ছাত্র পেলেট গানের আঘাতে দৃষ্টিশক্তি হারিয়ে হাসপাতালে ভর্তি। অমিত শাহ যদি নিজের নাকের ডগায় হওয়া এসব ঘটনা সম্পর্কে অবহিতই না থাকেন, তবে তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী বা ‘চাণক্য’ হিসেবে থাকার কোনো যোগ্যতা নেই। তাঁর অবিলম্বে পদত্যাগ করা উচিত।”