হঠাৎ বিপদে সঞ্চয় ফুরোচ্ছে! আর্থিক সংকট মোকাবিলায় কীভাবে তৈরি রাখবেন এমার্জেন্সি ফান্ড?

বিপদ বলে কয়ে আসে না, তাই আর্থিক দিক থেকে যেকোনো সংকট মোকাবিলায় বছরের প্রতিটি দিন প্রস্তুত থাকা জরুরি। বর্তমানের চড়া মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচ এবং অপ্রত্যাশিত পরিস্থিতির সঙ্গে লড়তে সঠিক পরিকল্পনা অপরিহার্য। হঠাত্ চাকরি চলে যাওয়া, ব্যবসায় মন্দা কিংবা গুরুতর অসুস্থতার মতো পরিস্থিতিতে নিয়মিত আয় বন্ধ হয়ে গেলেও দৈনন্দিন খরচ চলতেই থাকে। এই ধরনের চ্যালেঞ্জ সামাল দিতে প্রতিটি পরিবারের মূল উপার্জনকারীর উচিত তাঁর আয়ের একটি নির্দিষ্ট অংশ আলাদা করে সরিয়ে রাখা। ন্যূনতম ছ’মাস থেকে এক বছরের খরচের সমপরিমাণ অর্থ জরুরি তহবিল বা এমার্জেন্সি ফান্ড হিসেবে সংস্থান করে রাখা আর্থিক নিরাপত্তার প্রধান ভিত্তি।
এই জরুরি তহবিল তৈরির জন্য স্বল্পমেয়াদী ডেট ফান্ড, লিকুইড ফান্ড, আল্ট্রা শর্ট ডিউরেশন ফান্ড কিংবা মানি মার্কেট ফান্ডের সাহায্য নেওয়া যেতে পারে, যা সাধারণ সেভিংস অ্যাকাউন্টের চেয়ে ভালো রিটার্ন দেওয়ার পাশাপাশি প্রয়োজনের সময় সহজেই তোলার সুবিধা দেয়। একইসঙ্গে চিকিৎসার বিপুল খরচ এড়াতে পরিবারে পর্যাপ্ত মেডিক্লেম এবং পার্সোনাল এক্সিডেন্টাল পলিসি রাখা অত্যন্ত জরুরি। বয়স, স্বাস্থ্য ও পারিবারিক খরচ বিবেচনা করে এই তহবিলের চরিত্র ও পরিমাণ নির্ধারিত হয়। সুদৃঢ় আর্থিক পরিকল্পনার মাধ্যমে এই ধরনের সুসংহত সঞ্চয় শুধু বর্তমানের বিপদই এড়ায় না, বরং কঠিন পরিস্থিতিতে পরিবারকে মানসিক ও আর্থিকভাবে সুরক্ষিত রাখে।