রোদের ঝ্লিকে কাটল দুর্যোগ, বৃষ্টি কমতেই কি ফের পুড়বে বাংলা?

রোদের ঝ্লিকে কাটল দুর্যোগ, বৃষ্টি কমতেই কি ফের পুড়বে বাংলা?

কাটল দুর্যোগের মেঘ। ভারী বৃষ্টি থেকে সাময়িক রেহাই পেয়ে সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশজুড়ে দেখা মিলেছে রোদের ঝিলিক। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, যার জেরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে স্বস্তির খবর এই যে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বড় কোনো দুর্যোগের আশঙ্কা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই। বিকেল পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ছাড়াও মালদহ এবং দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বৃষ্টির এই সাময়িক বিরতি স্বস্তি আনলেও তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। হাওয়া অফিস জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম থেকে এখনই পুরোপুরি রেহাই পাচ্ছে না বঙ্গবাসী। উলটোদিকে, বৃষ্টি কমলেই তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। তবে আবহাওয়া খুব বেশি দিন এই অবস্থায় থাকছে না। নতুন করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী বুধবার থেকে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরসহ উপকূলবর্তী জেলাগুলোতে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি, কলকাতাতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানা গেছে। ফলে আপাতত রোদ ও মেঘের লুকোচুরির মাঝেই কাটবে বঙ্গবাসীর আগামী কয়েকদিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *