প্লাস্টিক সার্জারিতে চেহারা বদল, গোপন বিয়ে! লখনউয়ে ধরা পড়ল উজবেক সেক্স র্যাকেটের মাস্টারমাইন্ড

লখনউ: দীর্ঘ এক বছরের নিরবচ্ছিন্ন অনুসন্ধানের পর লখনউ থেকে গ্রেফতার করা হলো আন্তর্জাতিক সেক্স র্যাকেটের মূল চক্রী, উজবেকিস্তানের নাগরিক লোলা কায়ুমোভাকে। গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (IB) এবং লখনউ পুলিশের যৌথ অভিযানে ধরা পড়েন গত বছর থেকে পলাতক এই নারী।
তদন্তকারীদের দাবি, লোলা নেপাল ও উজবেকিস্তান থেকে ভুয়ো নথিপত্রের সাহায্যে তরুণীদের ভারতে পাচার করে আনতেন। এরপর লখনউয়ের বিভিন্ন অভিজাত এলাকার ফ্ল্যাটে রেখে তাঁদের জোরপূর্বক দে ব্যবসা চালাতে বাধ্য করা হতো। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো— তরুণীদের আসল পরিচয় গোপন রাখতে এবং চেহারা বদলে দিতে পেশাদার চিকিৎসকদের দিয়ে প্লাস্টিক সার্জারি করানো হতো। এই চক্রে কোন কোন চিকিৎসক যুক্ত ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
২০২৫ সালের জুনে FRRO-এর একটি অভিযানে লোলার দুই সহযোগী ধরা পড়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। পুলিশি নজরদারি ও লুকআউট নোটিস এড়াতে তিনি এক ভারতীয় নাগরিককে গোপনে বিয়ে করেন এবং জাল কাগজপত্র বানিয়ে লখনউতেই বসবাস শুরু করেন। সেখান থেকেই তিনি পুরো পাচারচক্রটি পরিচালনা করছিলেন।
বর্তমানে আইবি ও লখনউ পুলিশ যৌথভাবে লোলাকে জিজ্ঞাসাবাদ করছে। ভুয়ো পাসপোর্ট তৈরি এবং আন্তর্জাতিক পাচারচক্রের শিকড় কতদূর ছড়িয়ে রয়েছে, তা খুঁজে বের করতে তদন্ত জোরকদমে চলছে।