পড়াশোনার চাপে অভিমানে বাড়ি ছাড়া ১২ বছরের কিশোর! ২০০ কিলোমিটার দূরে একা ট্রেনেই বা পৌঁছল কীভাবে?

পড়াশোনার চাপে অভিমানে বাড়ি ছাড়া ১২ বছরের কিশোর! ২০০ কিলোমিটার দূরে একা ট্রেনেই বা পৌঁছল কীভাবে?

পড়াশোনা নিয়ে সামান্য বকাবকির জেরে অভিমানে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল ১২ বছরের এক কিশোর। মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার সুলতানপুরের বাসিন্দা ওই কিশোর হস্টেলে থেকে পড়াশোনা করতে নারাজ ছিল। গত মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে পাগলাচন্ডী স্টেশনের কাছে এসে সে একটি ট্রেনে চেপে বসে এবং নিজের বাড়ি থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে দমদম স্টেশনে এসে পৌঁছায়। মঙ্গলবার রাতে ৪ নম্বর দমদম রোডে একাকী ও নির্জন গলিতে দাঁড়িয়ে কান্নাকাটি করার সময় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। পকেটে ট্রেনের টিকিট ও পিঠে স্কুলব্যাগ থাকা সত্ত্বেও সে সঠিক উত্তর দিতে না পারায় স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে নাগেরবাজার থানার পুলিশ তাকে উদ্ধার করে ঘুঘুডাঙার আউট পোস্টে নিয়ে যায়।

ভয়ে প্রথমে কিছু বলতে না চাইলেও পুলিশ আধিকারিকরা ছেলেটির স্কুলের ব্যাগ থেকে বই-খাতা বের করে ঘাঁটাঘাঁটি শুরু করেন। ব্যাগের ভিতর থাকা একটি স্কুলের প্রশ্নপত্রে এক শিক্ষকের ফোন নম্বর পাওয়া যায়। পুলিশ সেই নম্বরে যোগাযোগ করে কিশোরের পরিবারের সন্ধান পায় এবং বুধবার গভীর রাতে তাকে নিরাপদে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সন্তানকে সুস্থভাবে ফিরে পেয়ে পরিবার স্বস্তি প্রকাশ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *