ভারতে নি-রিপ্লেসমেন্ট করিয়ে বাঁচল ৩৩ লাখ টাকা! দেশের চিকিৎসা ব্যবস্থাকে কুর্নিশ ব্রিটিশ ব্যক্তির

বিশ্বের মেডিক্যাল ট্যুরিজ়িমের (Medical Tourism) মানচিত্রে ভারতের অবস্থান এখন আরও সুদৃঢ়। উন্নত পরিকাঠামো, অভিজ্ঞ চিকিৎসক এবং সাশ্রয়ী চিকিৎসার কারণে বিভিন্ন দেশের রোগীদের কাছে ভারত আজ প্রথম পছন্দ। সম্প্রতি ব্রিটেনের এক নাগরিকের সফল হাঁটু প্রতিস্থাপনের ঘটনা সেই সত্যকেই নতুন করে সামনে নিয়ে এলো।
তিন বছরের অপেক্ষার অবসান
ব্রিটেনের বাসিন্দা জিন পল (Jean Paul) দীর্ঘ তিন বছর ধরে হাঁটুর অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন। চিকিৎসকেরা তাঁকে দু’টি হাঁটুতেই অস্ত্রোপচারের (Double Knee Replacement) পরামর্শ দেন। কিন্তু ব্রিটেনের ‘ন্যাশনাল হেলথ সার্ভিস’ (NHS)-এর দীর্ঘ অপেক্ষার তালিকার কারণে তিনি কোনোভাবেই চিকিৎসার সুযোগ পাচ্ছিলেন না। ব্যথার তীব্রতায় বন্ধ হয়ে গিয়েছিল পোষ্যকে নিয়ে হাঁটা কিংবা স্ত্রীর হাত ধরে পার্কে ঘোরার মতো জীবনের সাধারণ আনন্দগুলো।
ভারতের চিকিৎসায় মিলল মুক্তি
অবশেষে একটি মেডিক্যাল ট্রাভেল এজেন্সির সহায়তায় ভারতের দ্বারস্থ হন তিনি। ভারতীয় চিকিৎসকদের গাইডলাইন মেনে কয়েক মাসে কঠোর পরিশ্রম ও ডায়েটের মাধ্যমে প্রায় ১৯ কেজি ওজন কমান জিন। এরপর ভারতে এসে ‘ম্যাক্স হেলথকেয়ার’-এ ভর্তি হলে চিকিৎসকেরা সফলভাবে তাঁর ডবল নি রিপ্লেসমেন্ট সম্পন্ন করেন। মাত্র দুই সপ্তাহের ফিজিওথেরাপি ও নিবিড় পর্যবেক্ষণের পর তিনি এখন পুরোপুরি সুস্থ।
খরচে অর্ধেকেরও বেশি সাশ্রয়
অস্ত্রোপচারের সাফল্যের পাশাপাশি খরচের পার্থক্য সবাইকে চমকে দিয়েছে। ব্রিটেনে এই চিকিৎসার জন্য জিন পলের খরচ হতো প্রায় ৪০ হাজার পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৫১.৫৬ লাখ টাকা)। সেখানে ভারতে আসা-যাওয়া, থাকা-খাওয়া এবং পুরো চিকিৎসা মিলিয়ে মোট খরচ হয়েছে মাত্র ১৪ হাজার পাউন্ড (প্রায় ১৮.০৫ লাখ টাকা)। অর্থাৎ ভারতে চিকিৎসা করিয়ে এক ধাক্কায় তাঁর ৩৩ লাখ টাকারও বেশি সাশ্রয় হয়েছে!
সুস্থ হয়ে দেশে ফিরে ভারতের বিশ্বমানের চিকিৎসা সেবা ও সাশ্রয়ী খরচের ভূয়সী প্রশংসা করেছেন জিন পল। দ্রুত চিকিৎসা পেয়ে নিজের পুরোনো জীবনে ফিরতে পেরে তিনি এখন ভীষণ আনন্দিত।