বেপরোয়া বাস ভাড়ার প্রতিবাদে রাজপথে খুদে পড়ুয়ারা, বিদিশায় নতিস্বীকার প্রশাসনের

বেপরোয়া বাস ভাড়ার প্রতিবাদে রাজপথে খুদে পড়ুয়ারা, বিদিশায় নতিস্বীকার প্রশাসনের

মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘NEET’-এর প্রশ্নফাঁস নিয়ে সম্প্রতি দিল্লির রাস্তায় তরুণ প্রজন্মের আন্দোলন দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মধ্যপ্রদেশের বিদিশা জেলায় দেখা গেল অন্য এক প্রতিবাদের ছবি। পরীক্ষা বা চাকরির দাবি নয়, বাস ভাড়া অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে এবার রাস্তায় নামল একদল খুদে ছাত্রী।

বিদিশা জেলার সিরাজ ও তার আশেপাশের গ্রামের বহু ছাত্রী প্রতিদিন বাসে করেই স্কুলে যাতায়াত করে। তাদের অভিযোগ, যে রাস্তার ভাড়া আগে ছিল মাত্র ১০ থেকে ১৫ টাকা, বেসরকারি বাস মালিকরা তা হঠাৎ করেই অনেকটাই বাড়িয়ে দিয়েছেন। দিনআনা দিনখাওয়া সাধারণ পরিবারগুলোর পক্ষে এই অতিরিক্ত খরচের ভার বহন করা একরকম আসাম্ভব। ফলে পড়াশোনা হঠাৎ থমকে যাওয়ার আশঙ্কায় বাধ্য হয়েই তারা প্রতিবাদের পথ বেছে নেয়।

মঙ্গলবার স্থানীয় বাস স্ট্যান্ডে জড়ো হয়ে আধঘণ্টা ধরে চলে খুদে পড়ুয়াদের এই বিক্ষোভ ও স্লোগান। দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়ে স্থানীয় বিধায়ক উমাকান্ত শর্মার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে তারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমাশাসক (SDM) ওম নারায়ণ বাদকুলসহ পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

পড়ুয়ারা সরাসরি মহকুমাশাসকের কাছে তাদের চরম দুর্দশার কথা তুলে ধরে। তাদের বক্তব্য শুনে প্রশাসনিক আশ্বাস দিয়ে এসডিএম জানান, “ছাত্রীদের সমস্ত দাবি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। গ্রামের পড়ুয়ারা যাতে আগের নির্দিষ্ট ভাড়াতেই যাতায়াত করতে পারে, তা নিশ্চিত করতে খুব শিগগিরই বেসরকারি বাস মালিকদের সঙ্গে বৈঠক করা হবে।”

প্রশাসনের কাছ থেকে দ্রুত সমাধানের লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পর বিক্ষোভ তুলে নেয় ছাত্রীরা। তবে খুদেদের এই স্বতঃস্ফূর্ত আন্দোলন প্রমাণ করে দিল, নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে বয়স কখনও বাধা হতে পারে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *