আবাস যোজনায় বাড়তি স্বস্তি! সমীক্ষার মেয়াদ বাড়ল ৩০ আগস্ট পর্যন্ত, কড়া হুঙ্কার পঞ্চায়েতমন্ত্রীর

আবাস যোজনায় বাড়তি স্বস্তি! সমীক্ষার মেয়াদ বাড়ল ৩০ আগস্ট পর্যন্ত, কড়া হুঙ্কার পঞ্চায়েতমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: কর্মী সংকট ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ আবাস যোজনা’র তথ্য যাচাই এবং বাড়ি বাড়ি গিয়ে সার্ভের কাজ থমকে ছিল। সমস্ত উপভোক্তার তথ্য যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় সমীক্ষার কাজের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার দুর্গাপুর সফরে গিয়ে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ এই ঘোষণা করেন।

তিনি জানান, প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ১৫ আগস্ট পর্যন্ত এই সার্ভের সময়সীমা নির্ধারিত ছিল। তবে কেন্দ্রের অনুমোদন সাপেক্ষে সেই মেয়াদ বাড়িয়ে আগামী ৩০ আগস্ট পর্যন্ত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই আবাস যোজনার সমস্ত পর্যায়ের সমীক্ষা শেষ করা হবে।

অযোগ্য উপভোক্তাদের কড়া বার্তা: পুরনো পর্যায়ে দেওয়া প্রায় ৩০ লক্ষ বাড়ির মধ্যে ১৮ লক্ষের কাজ এখনও বাকি। দ্বিতীয় পর্যায়ে ২০ লক্ষ ২০ হাজার উপভোক্তার তালিকায় প্রায় সাড়ে ১২ হাজার অযোগ্য নাম চিহ্নিত করা হয়েছে। তাঁদের টাকা ফেরতের নোটিস পাঠানো হয়েছে এবং ইতিমধ্যেই প্রায় ১,০০০ জন টাকা ফেরতও দিয়েছেন।

দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠকে মন্ত্রী সাফ জানান, রাজ্যের ১০ শতাংশ পঞ্চায়েতে বিশেষ অডিট চলছে। আবাস বা ১০০ দিনের কাজের প্রকল্পে কোনও দুর্নীতির প্রমাণ মিললে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। গরিব মানুষের টাকা আত্মসাৎকারীদের কাউকেই রেহাই দেওয়া হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *