‘মানুষের জীবন নিয়ে খেলার অধিকার কে দিয়েছে?’ বেআইনি নির্মাণ কাণ্ডে ২৭ জনকে ব্ল্যাকলিস্টের হুঁশিয়ারি অগ্নিমিত্রার!

তারাতলা দুর্ঘটনার পর কলকাতা ও সংলগ্ন পুরসভা অঞ্চলগুলির নির্মীয়মাণ বাড়িগুলিতে নজরদারি বাড়িয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর। সম্প্রতি প্রতিটি কাজের অডিট শেষে একটি রিপোর্ট কার্ড প্রকাশ করেছে ‘আইজিএলইউএস’ (IGLUS) ভবন। সেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে, কোন কোন নির্মাণে কতটা বেআইনি কাজ বা বিচ্যুতি রয়েছে।
এই বিষয়ে প্রিন্সিপাল সেক্রেটারি খলিল আহমেদ জানান, “প্রাথমিকভাবে ২৭টি বেআইনি নির্মাণকে চিহ্নিত করা হয়েছে। এই প্রজেক্টগুলির সাথে যুক্ত যে সমস্ত বিল্ডার ও ইঞ্জিনিয়ারদের সেন্সর করা হয়েছিল, তাঁদের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিকেও তলব করা হয়েছে।”
বৃহস্পতিবার ডেভেলপার ও নির্মাণ সংস্থাগুলির প্রতিনিধিদের উপস্থিতিতেই এক অনুষ্ঠানে ক্ষোভে ফেটে পড়েন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “চিহ্নিত এই ২৭ জনকে সোজা ব্ল্যাকলিস্ট করা হবে। বেআইনি কাজ করে কেউ ছাড় পাবে না। ওরা হয়তো ভাবেনি যে বিজেপি সরকার ক্ষমতায় এসে এভাবে ওদের বেআইনি কারবার বন্ধ করে দেবে।”
একই সাথে পুরসভার ইঞ্জিনিয়ারদের গাফিলতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ক্ষুব্ধ মন্ত্রীর মন্তব্য, “ইঞ্জিনিয়াররা নিজের কাজ ঠিকমতো না করলে স্বেচ্ছাবসর (VRS) নিয়ে নিচ্ছেন না কেন? মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আপনাদের কে দিয়েছে? নাকি টাকা খেয়ে নিয়ম ভেঙে প্ল্যান পাস করানো হয়েছে?” আমজনতার উদ্দেশ্যেও তাঁর পরামর্শ, এদের তৈরি কোনো ফ্ল্যাট যেন কেউ না কেনেন।