পেনশন ও মহার্ঘ ভাতার বৃদ্ধির দাবি, দেশজুড়ে আন্দোলনের ডাক শাসক ঘনিষ্ঠ শ্রমিক সংগঠনের

প্রভিডেন্ট ফান্ডে (PF) ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে এবার সরব হচ্ছে কেন্দ্রেরই ঘনিষ্ঠ শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ (BMS)। একাধিক সংসদীয় কমিটি পেনশন বাড়ানোর বিষয়ে ইতিবাচক সুপারিশ করলেও অর্থমন্ত্রক তাদের অনড় মনোভাব বজায় রেখেছে। বিরোধী দলগুলির পাশাপাশি ক্ষমতাসীন বিজেপির বহু সাংসদও এই বিষয়ে একাধিকবার প্রতিবাদ জানিয়েছেন, তবুও কেন্দ্র তাতে কান দেয়নি। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে একাধিকবার পেনশন বৃদ্ধির আশ্বাস দেওয়া সত্ত্বেও তা বাস্তবায়ন হয়নি। দীর্ঘদিন ধরে পেনশনভোগী প্রবীণরা এই ইস্যুতে আন্দোলন চালিয়ে এলেও, এবার মোদি সরকারের ওপর চূড়ান্ত চাপ সৃষ্টি করতে আগামী ১৭ আগস্ট দেশজুড়ে বড় ধরনের প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে বিএমএস।
উল্লেখ্য, পিএফ পেনশনারদের অন্যতম প্রধান সংগঠন ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি (NAC) দীর্ঘদিন ধরে এই লড়াই চালিয়ে আসছে। মহারাষ্ট্রের বুলদানায় তাঁদের লাগাতার রিলে অনশন কর্মসূচির পাশাপাশি দিল্লি ও দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ সমাবেশ চলছে। আন্দোলনকারীদের মূল দাবি— মাসিক ন্যূনতম পেনশন বাড়িয়ে ৭,৫০০ টাকা করা, সঙ্গে মহার্ঘ ভাতা (DA) এবং বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেওয়া।
এতদিন বিএমএস-এর দাবি ছিল ন্যূনতম পেনশন ৫,০০০ টাকা করার, তবে সূত্রের খবর, এবার তারা নিজেদের দাবি বাড়িয়ে ৭,৫০০ টাকা করেছে এবং সাথে ডিএ ও চিকিৎসা সুবিধার দাবি যুক্ত করেছে।
কেবল পেনশন নয়, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবিও এই আন্দোলনের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করেছে বিএমএস:
- ইএসআই (ESI) সুবিধার আওতা বৃদ্ধি: বর্তমানে ২১,০০০০ টাকা পর্যন্ত আয়কারী কর্মচারীরা এই সুবিধা পান। বিএমএস-এর প্রস্তাব, এই আয়সীমা বাড়িয়ে ৪২,০০০ টাকা করা হোক।
- পিএফ (PF) যোগ্যতার সীমা বৃদ্ধি: পিএফ সুবিধার জন্য বেতনের সর্বোচ্চ সীমা বর্তমানে ১৫,০০০ টাকা থাকলেও তা বাড়িয়ে ৩০,০০০ টাকা করার দাবি জানানো হয়েছে।
নিজেদের এই গুচ্ছ দাবি পূরণ করতে এবার রাজপথে নেমে কেন্দ্রকে কড়া বার্তা দিতে চলেছে দেশের এই শীর্ষ শ্রমিক সংগঠনটি।