চিনকে রুখতে নৌবাহিনীর ঐতিহাসিক মাস্টারস্ট্রোক! ৭০ হাজার কোটির মেগা সাবমেরিন প্রকল্পে চূড়ান্ত সিলমোহরের মুখে মোদী সরকার

চিনকে রুখতে নৌবাহিনীর ঐতিহাসিক মাস্টারস্ট্রোক! ৭০ হাজার কোটির মেগা সাবমেরিন প্রকল্পে চূড়ান্ত সিলমোহরের মুখে মোদী সরকার

ভারতী নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে এবং ভারত মহাসাগরে চিনের ক্রমবর্ধমান আধিপত্য মোকাবিলায় এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে প্রজেক্ট ৭৫(আই)-এর আওতায় ৭০ হাজার কোটি টাকার মেগা সাবমেরিন প্রকল্পে গতি আসতে চলেছে। সূত্রের খবর, ভারতীয় নৌবাহিনীর জন্য ৬টি অত্যাধুনিক এয়ার-ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন (এআইপি) প্রযুক্তিসম্পন্ন সাবমেরিন তৈরির এই প্রস্তাবটি খুব শীঘ্রই ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির (সিসিএস) অনুমোদনের জন্য পাঠানো হচ্ছে। সিসিএসের সবুজ সংকেত পেলেই চুক্তি স্বাক্ষরের পথ পরিষ্কার হবে এবং দ্রুত শুরু হবে উৎপাদন কাজ। এই প্রযুক্তির ফলে ডুবোজাহাজগুলি দীর্ঘ সময় জলের নিচে থেকে নজরদারি ও শক্তিবৃদ্ধি করতে সক্ষম হবে।

‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে বেগবান করতে এই মেগা প্রজেক্টে মুম্বইয়ের মাজাগন ডক শিপবিল্ডার্স (এমডিএল)-এর সঙ্গে যৌথভাবে কাজ করবে জার্মানির বিখ্যাত সংস্থা থাইসেনক্রুপ মেরিন সিস্টেমস (টিকেএমএস)। বাণিজ্যিক ও প্রযুক্তিগত জটিলতায় এতদিন আটকে থাকা এই প্রকল্পে বড় পরিবর্তন আনতে ইতিমধ্যে ভারতীয় প্রতিরক্ষা সংস্থা ভিইএম টেকনোলজিস ও সিএফএফ ফ্লুইড কন্ট্রোলের সঙ্গে চুক্তি করেছে জার্মান সংস্থাটি। এর ফলে শুধু সাবমেরিন ও ভারী টর্পেডো তৈরিই নয়, প্রযুক্তি হস্তান্তর, নিজস্ব রক্ষণাবেক্ষণ এবং ভবিষ্যতে দেশীয় প্রযুক্তিতে সাবমেরিন নির্মাণের ক্ষমতা অর্জন করবে ভারত। চিনের চ্যালেঞ্জ সামলে এটি ভারতের নিজস্ব প্রতিরক্ষা শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *