ভাটপাড়ায় বাড়ি দখলের চাঞ্চল্যকর চেষ্টা! ব্যবসায়ীর বাড়িতে পরপর গুলি দুষ্কৃতীদের

ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়াল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইকে করে এসে দুই দুষ্কৃতী রশিদ খান ওরফে গুড্ডুর বাড়িতে চড়াও হয়। সেই সময় বাড়িতে রশিদ না থাকায় দুষ্কৃতীরা দরজা ভাঙার চেষ্টা করে এবং দরজায় লাথি মারে। রশিদের স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা সতর্ক হলে, তাঁদের লক্ষ্য করেও গুলি চালায় দুষ্কৃতীরা। তবে এই ঘটনায় সৌভাগ্যবশত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, কিন্তু পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রশিদ খানের স্ত্রীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁদের বাড়ি এবং পাশের সম্পত্তি দখলের উদ্দেশ্যে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এর আগে বাড়িতে বোমাবাজির ঘটনাও ঘটেছিল বলে দাবি করেছেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে বাড়ি সংক্রান্ত কোনো পুরোনো বিবাদের জেরে এই হামলা চালানো হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। ঘটনার খবর পেয়েই ভাটপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।