‘খাট-বিছানা নিয়ে চলে আসুন!’ ল্যান্সডাউনে ব্যবসায়ীদের তুলোধোনা পুরমন্ত্রীর, জবরদখল হঠাতে ২ দিনের চরম হুঁশিয়ারি

রাস্তা ও ফুটপাথের জবরদখল মুক্ত করতে এবার চরম কড়া মেজাজে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার সকালে ল্যান্সডাউন বাজার পরিদর্শনে গিয়ে পথ আটকে ব্যবসা চালানো দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন তিনি। ফুটপাথ ছাড়িয়ে রাস্তার বড় অংশ দখল করে থাকা ব্যবসায়ীদের উদ্দেশ্যে কড়া ভাষায় মন্ত্রী বলেন, “রাস্তা কিন্তু সংসার পাতার জায়গা নয়। শুধু দোকান কেন, খাট-বিছানা নিয়ে চলে আসুন!” এই অরাজকতা ঠেকাতে তিনি এলাকার সমস্ত অবৈধ দোকান সরাতে স্পষ্ট ২ দিনের ডেডলাইন বেঁধে দেন।
ল্যান্সডাউন মার্কেটের সুপারভাইজার ও পুর-প্রশাসক স্মিতা পাণ্ডেকে সঙ্গে নিয়ে গোটা বাজার ঘুরে দেখেন পুরমন্ত্রী। পথচারীদের চলাচলে বাধা তৈরি করা ফল ও সবজির দোকানের বিপুল পসরা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা প্রশ্ন তোলেন, কোন নেতার মদতে বা কাকে টাকা খাইয়ে সরকারি জায়গা দখল করা হয়েছে? সাধারণ মানুষের যাতায়াতের পথ সুগম করতে নির্দেশ অমান্যকারী দোকানগুলির বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জন্য পুর-প্রশাসনকে কড়া বার্তা দেন তিনি।