ম্যাট্রিমনিয়াল সাইটে পরিচয়ের পর ৫ লক্ষ টাকা আত্মসাৎ ও মারধর! গ্রেপ্তার অভিযুক্ত প্রেমিক

ম্যাট্রিমনিয়াল সাইটের সূত্রে পরিচয়ের পর বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীর কাছ থেকে নগদ পাঁচ লক্ষাধিক টাকা ও দুটি ফোন হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বরানগরের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে বিহারের পাটনার বাসিন্দা দেবরাজ চৌধুরীর আলাপ হয়েছিল। গত দুমাস ধরে আর্থিক সমস্যার কথা বলে সে টাকা নেয়। পরবর্তীতে তরুণী জানতে পারেন, অভিযুক্ত আরও একাধিক তরুণীর সঙ্গে ডেটিং করেছে এবং তাঁদেরও একই প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রতারণার প্রতিবাদ করতেই যুবকের হাতে চরম শারীরিক নিগ্রহের শিকার হন তরুণী, এমনকি তাঁর হাতও ভেঙে দেওয়া হয়।
পরিবারের কাউকে কিছু না জানিয়ে অবশেষে শনিবার সাহস জুগিয়ে নারায়ণপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে তাৎক্ষণিকভাবে অভিযানে নামে পুলিশ। ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত দেবরাজ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, এটি একটি বৃহত্তর প্রতারণা চক্রের অংশ হতে পারে। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ।