ব্যাংকক ফেরত ব্যাগে জামাকাপড় নেই, শুধুই ১৬০ কেজি গাছ! কলকাতা বিমানবন্দরে কাস্টমসের হাতে ধৃত ২

ব্যাংকক ফেরত ব্যাগে জামাকাপড় নেই, শুধুই ১৬০ কেজি গাছ! কলকাতা বিমানবন্দরে কাস্টমসের হাতে ধৃত ২

স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে কলকাতা বিমানবন্দরে জারি থাকা কড়া নিরাপত্তার মধ্যেই ফাঁস হলো এক অভিনব পাচারচক্র। থাইল্যান্ড থেকে বিমানে চড়ে কলকাতায় আসা দুই যাত্রীর লাগেজ খুলতেই চক্ষু চড়কগাছ শুল্ক আধিকারিকদের! পোশাক-আশাকের বদলে ব্যাগভর্তি থাইল্যান্ডের বিরল প্রজাতির সতেজ গাছ ও বীজ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দুই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। একই দিনে ব্যাংকক থেকে আসা অন্য দুই যাত্রীর কাছ থেকে উদ্ধার হয়েছে পৌনে দেড় কোটি টাকার সোনা।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, শুল্ক দফতরের এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের (AIU) আধিকারিকরা ব্যাংকক থেকে আসা ‘B3-701’ বিমানের দুই যাত্রীর চলাফেরা দেখে সন্দেহ করেন। তাঁদের আটক করে ব্যাগ খুলতেই দেখা যায়, বিশেষ ধরনের মোড়কে মুড়ে অত্যন্ত যত্ন সহকারে রাখা রয়েছে তাজা গাছ ও বীজ। দীর্ঘ যাত্রার পরও গাছগুলি সম্পূর্ণ সতেজ ছিল। পরীক্ষা করে মোট ১৬০ কেজি গাছ ও বীজ বাজেয়াপ্ত করা হয়। বৈধ নথিপত্র দেখাতে না পারায় দুই যাত্রীকে গ্রেফতার করে শুল্ক আইনের পাশাপাশি ‘প্ল্যান্ট কোয়ারেন্টাইন অর্ডার, ২০০৩’ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

তদন্তকারীদের অনুমান, এর পেছনে কোনো বড় আন্তর্জাতিক পাচারচক্র সক্রিয় রয়েছে। ধৃতদের মধ্যে একজনের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালানো হলেও কোনো বৈধ কাগজপত্র মেলেনি। আধিকারিকরা সতর্ক করে জানিয়েছেন, বিদেশ থেকে অনিয়ন্ত্রিতভাবে গাছপালা আনলে তার মাধ্যমে ক্ষতিকারক রোগজীবাণু বা কীট-পতঙ্গ ছড়িয়ে পড়ে দেশের কৃষি ও পরিবেশের অপূরণীয় ক্ষতি হতে পারে।

অন্যদিকে, ওই দিনই অন্য একটি বিমানে (TG 313) ব্যাংকক থেকে আসা আরও দুই যাত্রীকে আটক করে পুলিশ। তাঁদের কাছ থেকে প্রায় ৯০০ গ্রাম ২৪ ক্যারেট সোনা উদ্ধার হয়, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা। ওই দু’জনকেও গ্রেফতার করা হয়েছে। একদিনেই ১৬০ কেজি বিদেশি উদ্ভিদ ও বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে তোলপাড় সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *