রাতে আচমকা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী! ওষুধ থেকে রেজিস্টার—খুঁটিয়ে দেখলেন সব

রাতে আচমকা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী! ওষুধ থেকে রেজিস্টার—খুঁটিয়ে দেখলেন সব

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নত করতে প্রথম দিন থেকেই তৎপর নতুন সরকার। সরকারি হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সাধারণ মানুষ সঠিক পরিষেবা পাচ্ছেন কি না, সে বিষয়ে নজর রাখছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। সেই ধারাবাহিকতা বজায় রেখেই বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ পূর্ব বর্ধমানের বড়শুল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আচমকা পরিদর্শনে যান তিনি। স্থানীয় প্রশাসন বা পুলিশ—কাউকেই আগে থেকে এই সফরের বিষয়ে কিছু জানানো হয়নি। ফলে হঠাৎ করে মন্ত্রীকে ওয়ার্ডে দেখে অবাক হয়ে যান কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা।

স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছেই মন্ত্রী জরুরি বিভাগ ও ইনডোর ওয়ার্ড ঘুরে দেখেন। ফ্রিজার খুলে ওষুধ ও ভ্যাকসিনের স্টক পরীক্ষার পাশাপাশি অন্যান্য ওষুধের মেয়াদ (মেয়াদোত্তীর্ণ কি না) পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে হাসপাতালের নানা রেজিস্টার ও নথিও খতিয়ে দেখেন তিনি। চিকিৎসাধীন রোগী ও তাঁদের পরিবার-পরিজনদের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন ডা. শারদ্বত মুখোপাধ্যায়। কথোপকথনের একপর্যায়ে এক নার্সের কাজের প্রশংসা করতেও দেখা যায় তাঁকে। এছাড়া স্মৃতিচারণ করে মন্ত্রী জানান, অতীতে এই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক কোয়ার্টারে তিনি বেশ কিছু সময় কাটিয়েছেন।

সামগ্রিক ব্যবস্থা দেখে স্বাস্থ্যমন্ত্রী সন্তোষ প্রকাশ করলেও পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ জানান। তিনি স্পষ্ট নির্দেশ দেন, চিকিৎসা পরিষেবা ও নার্সিং ব্যবস্থা ভালো হলেও হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে আরও বেশি নজর দিতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *