কৈলাস যাত্রায় ভয়াবহ হড়পা বান! নেপালে আটকে শতাধিক ভারতীয় পর্যটক, পাশে দাঁড়াল ভারত

নেপালে ভয়াবহ হড়পা বানের বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দ্রুত ত্রাণের হাত বাড়িয়ে দিল ভারত। বুধবার নেপালের রাসুয়া জেলায় ভিতেকোশী নদীতে হঠাৎ আসা বিধ্বংসী বানের কবলে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই সংকটজনক পরিস্থিতিতে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি গভীর সমবেদনা জানিয়ে নেপালকে সমস্ত রকম মানবিক সাহায্য ও উদ্ধারকাজে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান ও ত্রাণসামগ্রী পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
পর্যটন পর্ষদের তথ্য অনুযায়ী, কৈলাস-মানস সরোবর দর্শনে যাওয়া বহু বিদেশি নাগরিকের সঙ্গে অন্তত ১৪২ জন ভারতীয় পর্যটকও নিখোঁজ রয়েছেন। এই আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন নিখোঁজ পর্যটকদের পরিবারগুলি। পড়শি রাষ্ট্রে আটকে পড়া ভারতীয় নাগরিকদের বর্তমান পরিস্থিতি ও সঠিক তথ্য জানতে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে দুটি জরুরি হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে। নম্বরগুলি হলো +৯৭৭৯৮৫১৩১৬৮০৭ এবং +৯৭৭৯৭০৯১০৭৫০০। ক্ষতিগ্রস্তদের উদ্ধারে নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে নিরলসভাবে কাজ করে চলেছে নয়াদিল্লি।