মিড-ডে মিলের রান্নাঘরে ভয়াবহ দুর্ঘটনা: প্রেশার কুকার ফেটে দগ্ধ ২ পড়ুয়া ও রাঁধুনি!

পালঘর: মহারাষ্ট্রের পালঘর জেলায় মিড-ডে মিল রান্নার সময় মর্মান্তিক দুর্ঘটনা। সোপারা জিলা পরিষদ স্কুলে রান্না চলাকালীন আচমকাই প্রেশার কুকার ফেটে আহত হলো দুই পড়ুয়া ও এক রাঁধুনি।
পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে স্কুলে মিড-ডে মিল তৈরির কাজ চলছিল। সেই সময় উনুনের কাছেই দাঁড়িয়ে ছিল কয়েকজন ছাত্র। আচমকাই প্রেশার কুকারটি বিকট শব্দে ফেটে যায়। গরম খাবার ছিটকে এসে ১০ বছরের এক পড়ুয়ার মুখ মারাত্মকভাবে দগ্ধ হয়। দুর্ঘটনায় আক্রান্ত রাঁধুনি ও অন্য পড়ুয়াকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হলেও, আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, সরকারি স্কুলে মিড-ডে মিল সংক্রান্ত সুরক্ষায় খামতি নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। এর আগে ঝাড়খণ্ডের দুমকা জেলার এক সরকারি স্কুলে খাবারের মধ্যে মরা গিরগিটি পড়ে থাকার জেরে প্রায় ৬৫ জন খুদে পড়ুয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। পর পর এসব ঘটনায় সরকারি স্কুলগুলিতে শিশুদের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিয়ে অভিভাবকমহলে চরম উদ্বেগ প্রকাশ করা হয়েছে।