‘দুর্গাপুজো না লিখলে ভাঙা হবে স্টল!’ আলিপুরদুয়ারে বামেদের সোজা হুঁশিয়ারি আইন প্রতিমন্ত্রীর

‘দুর্গাপুজো না লিখলে ভাঙা হবে স্টল!’ আলিপুরদুয়ারে বামেদের সোজা হুঁশিয়ারি আইন প্রতিমন্ত্রীর

আলিপুরদুয়ার: শারদোৎসবের দিনগুলোতে বামপন্থীদের বইয়ের স্টল নিয়ে ফের চরম রাজনৈতিক উত্তেজনা তৈরি হলো। ‘শারদোৎসব’ নয়, লিখতে হবে ‘দুর্গাপুজো’—এই দাবি নিয়ে এ বার সোচ্চার হলেন রাজ্যের আইন প্রতিমন্ত্রী তথা করণদিঘির বিজেপি বিধায়ক বিরাজ বিশ্বাস। সোমবার আলিপুরদুয়ারে এসে তিনি হুঁশিয়ারির সুরে জানান, কমিউনিস্টদের স্টলে দুর্গাপুজো লেখা না থাকলে কিংবা ধর্ম ও ভারতবিরোধী কিছু রাখা হলে সেই স্টল ভেঙে দেওয়া হবে।

আইন প্রতিমন্ত্রীর হুমকি ও প্রেক্ষাপট মঙ্গলবার আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে সামনে রেখে বিজেপি সমর্থিত আইনজীবী প্রার্থীদের উৎসাহ দিতে শহরে এসেছিলেন বিরাজ বিশ্বাস। একটি হোটেলে দলীয় বৈঠকে অংশ নেওয়ার পর তিনি দাবি করেন, পুজো মণ্ডপের পাশে বামদের স্টলে হিন্দুধর্ম বা সনাতন ধর্মবিরোধী বক্তব্য কিছুতেই বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের সুরেই একই হুঁশিয়ারি দেন তিনি।

সিপিএমের পালটা জবাব আইন প্রতিমন্ত্রীর এই বক্তব্যকে তীব্র ভাষায় আক্রমণ করেছে সিপিএম। দলের আলিপুরদুয়ার জেলা সম্পাদক কিশোর দাস সাফ জানান, গণতান্ত্রিক দেশে নিজেদের স্টলে কী রাখা হবে তা নির্ধারণ করার অধিকার একমাত্র তাঁদেরই রয়েছে। ধর্মের রাজনীতি করে বিজেপি মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ তুলে তিনি সতর্ক করেন, বিজেপি স্টল ভাঙতে এলে আমজনতাই তা প্রতিরোধ করবে।

আদালত পরিদর্শন ও ত্রিমুখী লড়াই রাজনৈতিক বাগযুদ্ধের পাশাপাশি আলিপুরদুয়ার জেলা আদালতের নবনির্মিত পাঁচতলা ভবনটি ঘুরে দেখেন মন্ত্রী। উদ্বোধনের প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি তিনি আশ্বাস দেন, উত্তরবঙ্গের জুনিয়র আইনজীবীরা যাতে বকেয়া ‘অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ড’-এর সুযোগ পান, সরকার তা নিশ্চিত করবে।

উল্লেখ্য, মঙ্গলবারের আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশন নির্বাচনে এবার লড়াই হতে চলেছে ত্রিমুখী—বিজেপি, সিপিএম সমর্থিত প্যানেল এবং তৃণমূল থেকে ভেঙে আসা ‘অ্যাডভোকেটস ফোরাম’-এর মধ্যে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *