আইসিডিএস কর্মীদের জন্য বিরাট খবর! বিদ্যুৎ ফ্রি, হেলথ ইনসিওরেন্সের পর নতুন চমক মুখ্যমন্ত্রীর

আইসিডিএস কর্মীদের জন্য বিরাট খবর! বিদ্যুৎ ফ্রি, হেলথ ইনসিওরেন্সের পর নতুন চমক মুখ্যমন্ত্রীর

জলহাটি: রাজ্যের অঙ্গনওয়াড়ি (ICDS) কর্মীদের আর্থসামাজিক উন্নয়ন ও কেন্দ্রগুলির পরিকাঠামো আমূল বদলে ফেলতে একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার উত্তর ২৪ পরগনার জলহাটিতে আয়োজিত ‘অঙ্গন মিলন সেবা’ কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি জানান, রাজ্যজুড়ে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এ বার থেকে সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলা সফরে আসা বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।

মঞ্চ থেকেই আইসিডিএস কর্মীদের জন্য একাধিক সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি মনে করিয়ে দেন, গত আগস্ট মাসেই অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ভাতা ৫,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি কর্মীদের ‘আয়ুষ্মান ভারত’ স্বাস্থ্যবীমার আওতায় নিয়ে আসা হয়েছে, যার ফলে দেশের প্রায় ৩৮টি নিবন্ধিত সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা মিলবে।

শিশুর শারীরিক বিকাশ ও মাতৃত্বকালীন পুষ্টির প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে খাবারের বরাদ্দ বৃদ্ধির কথা জানান প্রশাসনিক প্রধান।

  • শিশুদের খাবার: বরাদ্দ ২ টাকা বাড়িয়ে ৮ টাকা করা হয়েছে।
  • প্রসূতি ও গর্ভবতী মা: বরাদ্দ ১২ টাকা থেকে বাড়িয়ে ১৪ টাকা করা হয়েছে।

পরিকাঠামোগত পরিবর্তনের রূপরেখা দিয়ে তিনি জানান, রাজ্যের প্রায় ১৯ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্র বর্তমানে ভাড়া বাড়িতে চলছে। রাজ্য সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেছে এবং শীঘ্রই এই কেন্দ্রগুলিকে নিজস্ব স্থায়ী ভবনে স্থানান্তরিত করা হবে।

অনুষ্ঠানে আইসিডিএস কর্মীদের কাজের প্রশংসা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বলেন, “শিশুদের জীবনের প্রথম গুরু হলেন এই অঙ্গনওয়াড়ি কর্মীরাই। শৈশবে শিশুদের নৈতিক শিক্ষা ও সঠিক যত্নের দায়িত্ব তাঁরাই পালন করেন। বলা চলে, দেশের ভবিষ্যৎ তাঁদের হাতেই সুরক্ষিত।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *