গোপালগরে পুলিশের জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস, মিলল আগ্নেয়াস্ত্র!

বনগাঁ: তল্লাশিতে উদ্ধার আগ্নেয়াস্ত্র! সোমবার গোপালনগর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন বনগাঁর প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূলের সাবেক সভাপতি বিশ্বজিৎ দাস। কালীবাড়ি মোড় থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।
দলবদল ও রাজনীতির ময়দানে বেশ পরিচিত মুখ বিশ্বজিৎ। ২০১১ ও ২০১৬ সালে বনগাঁ উত্তর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে বিধায়ক হিসেবে জয়ী হন তিনি। পরবর্তীতে বিজেপিতে যোগ দিয়ে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাগদা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। তবে কিছুদিন পরেই ফের তৃণমূলে প্রত্যাবর্তন ঘটে তাঁর। বাগদার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে পরবর্তীতে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি হিসেবেও দায়িত্ব সামলান তিনি।
রাজনীতিতে একাধিক মোড় পেরোনো এই প্রভাবশালী প্রাক্তন নেতার আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটির পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।