জেড প্লাস গায়েব, সুরক্ষায় কেবল হাউস গার্ড! কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

জেড প্লাস গায়েব, সুরক্ষায় কেবল হাউস গার্ড! কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা: নির্বাচনী আবহ ও তার পরবর্তী সময়ে বারবার হামলার মুখে পড়তে হলেও মিলছে না পর্যাপ্ত নিরাপত্তা— এই অভিযোগ তুলে এবার কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নাড়লেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোমবার হাইকোর্টে অভিষেকের পক্ষে সওয়াল করে তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য জানান, “আমার মক্কেল রাজ্যের প্রধান বিরোধী দলের সাধারণ সম্পাদক। বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত তিনি ‘জেড প্লাস’ (Z+) স্তরের নিরাপত্তা পেতেন। কিন্তু নির্বাচনের পর রাজ্য পুলিশ তাঁর সেই নিরাপত্তা সম্পূর্ণ প্রত্যাহার করে নিয়েছে।”

আইনজীবী আরও দাবি করেন, বর্তমানে কোনো কার্যকর নিরাপত্তা বলয় ছাড়াই চলছেন অভিষেক। নিরাপত্তার নামে রয়েছে কেবল কয়েকজন ‘হাউস গার্ড’। এর মধ্যে একাধিকবার তিনি দুষ্কৃতীদের আক্রমণের মুখেও পড়েছেন। পরিস্থিতি গুরুত্ব দিয়ে দেখে মামলাটির দ্রুত শুনানির আর্জি জানানো হয় আদালতে।

উল্লেখ্য, গত মে মাসে বিধানসভা নির্বাচনের পর সোনারপুরে নিহত এক দলের কর্মীর বাড়িতে যাওয়ার পথে মারাত্মক হামলার মুখে পড়েন ডায়মন্ড হারবারের এই সাংসদ। তাঁকে লক্ষ্য করে ইট, পাটকেল, ডিম এমনকি জুতো পর্যন্ত ছোড়া হয়। নিরাপত্তারক্ষী ও দলের কর্মীরা হেলমেট পরিয়ে তাঁকে রক্ষার চেষ্টা করলেও ভিড়ের মধ্য থেকে এলোপাতাড়ি মারে গুরুতর পরিস্থিতির সৃষ্টি হয়।

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই অভিষেকের নিরাপত্তা বলয় গুটিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূল শিবিরের। সমস্ত দিক বিবেচনা করে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও মামলাটি দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী ৬ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *