পিএম কিষাণ পেলেই কি বাদ কৃষক বন্ধু? বড় নিয়মের স্পষ্ট বার্তা কৃষিমন্ত্রীর!

রাজ্য জুড়ে ‘কৃষক বন্ধু’ (Krishak Bandhu) প্রকল্পের তথ্য যাচাই (Verification) প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই কৃষকদের মনে একাধিক প্রশ্ন দানা বাঁধছিল। সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সোমবার নবান্নে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে বড় নির্দেশিকা স্পষ্ট করলেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। প্রকল্পের নতুন নিয়মাবলী প্রকাশ করার পাশাপাশি পিএম কিষাণ যোজনা ও কৃষক বন্ধুর টাকা একসাথে পাওয়া যাবে কি না, তাও স্পষ্ট করে দিলেন তিনি।
আবেদনের সময়সীমা বৃদ্ধি যাঁরা এখনও কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত হতে পারেননি, তাঁদের জন্য স্বস্তির খবর। কৃষিমন্ত্রী জানিয়েছেন, কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের সময়সীমা আরও ১০ দিন বাড়ানো হচ্ছে। ফলে নতুন ইচ্ছুক আবেদনকারীরা নিজেদের নাম নথিভুক্ত করার অতিরিক্ত সুযোগ পাবেন।
পরিবারে একজনই পাবেন সুবিধা আগে একই পরিবারের একাধিক সদস্য কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতেন। তবে নতুন নিয়মে তা বদলে যাচ্ছে। এখন থেকে একটি পরিবারে একজন সদস্যই এই প্রকল্পের সুবিধা পাবেন।
জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তা প্রকল্পে আর্থিক সাহায্যের পরিমাণ নির্ধারণ করা হয়েছে জমির পরিমাণের ভিত্তিতে:
- ৪০ শতকের কম জমি: বছরে ৪,০০০ টাকা করে পাবেন।
- ৪০ শতকের বেশি জমি: বছরে অতিরিক্ত ৬,০০০ টাকা দেওয়া হবে।
পিএম কিষাণ ও কৃষক বন্ধু—একসঙ্গে কি সম্ভব? কৃষিমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যেসব কৃষক নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত হবেন, তাঁরা কিন্তু পিএম কিষাণ (PM Kisan) যোজনার সুবিধা পাবেন না। এছাড়া চা বাগানের শ্রমিকদের কীভাবে সরাসরি আর্থিক সহায়তার আওতায় আনা যায়, সে বিষয়েও রাজ্য সরকার চিন্তাভাবনা করছে।
ডাটাবেস মিলিয়ে দেখার কাজ শুরু সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, যেসব কৃষক পিএম কিষাণ প্রকল্পের অধীনে সুবিধা পান, রাজ্য সরকার তাঁদের অতিরিক্ত ৩,০০০ টাকা সাহায্য দেবে। অর্থাৎ তাঁরা বছরে ৬,০০০ টাকার জায়গায় মোট ৯,০০০ টাকা পাবেন।
এই সিদ্ধান্ত বাস্তবায়নে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের তথ্যের সঙ্গে পিএম কিষাণ যোজনার তথ্য মেলানোর কাজ চলছে। কৃষক বন্ধু পোর্টালের মাধ্যমেই নিশ্চিত করা হচ্ছে কোন কোন কৃষক পিএম কিষাণ সুবিধা পাচ্ছেন।
কৃষকদের সামাজিক ও আর্থিক সুরক্ষায় সরকারের নেওয়া এই নতুন পরিবর্তনগুলো আগামী দিনে রাজ্য কৃষি ব্যবস্থায় নতুন দিক নির্দেশ করবে বলে মনে করা হচ্ছে।