‘আগেও রাস্তায় ছিলাম, এখনও রাস্তায়!’ ICT শিক্ষকদের বিকাশভবন অভিযানে তুলকালাম করুণাময়ীতে, স্তব্ধ এলাকা

‘আগেও রাস্তায় ছিলাম, এখনও রাস্তায়!’ ICT শিক্ষকদের বিকাশভবন অভিযানে তুলকালাম করুণাময়ীতে, স্তব্ধ এলাকা

করুণাময়ী: বেতন বৈষম্য দূরীকরণ এবং বকেয়া নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার দাবিতে শিক্ষকদের আন্দোলনকে ঘিরে মঙ্গলবার তীব্র উত্তেজনা ছড়াল সল্টলেকের করুণাময়ী চত্বরে। বিকাশভবন অভিযানের উদ্দেশ্যে রওনা হওয়া ICT ঐক্যমঞ্চের সদস্যদের করুণাময়ীতেই আটকে দেয় পুলিশ। পরিস্থিতি সামলাতে পুলিশি তৎপরতা বাড়তেই ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। অনেকেই রাস্তার ওপর শুয়ে পড়ে প্রতিবাদ জানান, যার জেরে পুলিশ ও শিক্ষকদের মধ্যে চরম ধাক্কাধাক্কির সৃষ্টি হয়।

মূল দাবি ও বেতন বৈষম্যের ক্ষোভ: দীর্ঘদিন ধরেই ICT-র ষষ্ঠ ও সপ্তম ফেজের শিক্ষকরা পদমর্যাদা এবং বেতনের ক্ষেত্রে চরম বৈষম্যের অভিযোগ তুলে আসছেন। আন্দোলনকারীদের দাবি, প্রথম থেকে পঞ্চম ফেজ পর্যন্ত কর্মরত শিক্ষকরা মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা পান এবং সরকারি চুক্তির সুযোগ-সুবিধা উপভোগ করেন। অথচ, একই কাজ করা সত্ত্বেও ষষ্ঠ ও সপ্তম ফেজের শিক্ষকরা মাসে পান মাত্র ৬,৮০০ থেকে ৭,০০০ টাকা।

এক ক্ষুব্ধ শিক্ষক বলেন, “প্রতিদিন যাতায়াতেই ১৫০ থেকে ২০০ টাকা চলে যায়। এই সামান্য টাকায় সংসার চালানো প্রায় আসাম্ভব। আমাদের দাবি, আগের ফেজগুলির মতোই অবিলম্বে আমাদের সরকারীকরণ করতে হবে এবং সমান কাজের জন্য সমান বেতন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।”

থমকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া: আন্দোলনকারীদের আরও অভিযোগ, ইন্টারভিউ প্রক্রিয়া দীর্ঘ দিন ধরে স্থগিত রেখে তাঁদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হয়েছে। তাঁদের বক্তব্য, গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত দফায় দফায় ইন্টারভিউ নেওয়ার পর প্রক্রিয়াটি সম্পূর্ণ থমকে যায়। মে মাসের পর থেকে দীর্ঘদিন কেটে গেলেও বাকিদের নিয়োগ প্রক্রিয়া চালু করা হয়নি। আন্দোলনকারী শিক্ষকদের দাবি, দ্রুত এই ইন্টারভিউ সম্পন্ন করে তাঁদের সরাসরি বিদ্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হোক।

“আমরা শিশুদের পড়াতে চাই, রাস্তায় থাকতে চাই না” এদিন রাজপথে প্ল্যাকার্ড ও পোস্টার হাতে স্লোগান দিতে দিতে বিকাশভবনের দিকে এগোতে চেষ্টা করেন শিক্ষকরা। এক আন্দোলনকারী আক্ষেপের সুরে বলেন, “আমরা ভেবেছিলাম রাজ্যে ব্যবস্থার পরিবর্তন হবে। সরকারের পরিবর্তন দেখতে পেলেও সিস্টেমের তো কোনো পরিবর্তন হলো না! আমরা আগের সরকারের আমলেও রাজপথে ছিলাম, এখনও রাস্তায়ই বসে আছি। তবে আমরা আর রাস্তায় থাকতে চাই না, আমরা নিজেদের প্রাপ্য সম্মান নিয়ে স্কুলে ফিরে শিশুদের পড়াতে চাই। শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ, দ্রুত আমাদের নিয়োগ নিশ্চিত করা হোক।”

হাতে পোস্টার ও মুখে স্লোগান নিয়ে রাজপথে নামা শিক্ষকদের করুণাময়ীতেই রুখে দেওয়া হলেও, নিজেদের দাবিতে অনড় প্রতিবাদীরা। এখন প্রশাসন তাঁদের দীর্ঘদিনের এই দাবি পূরণে কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে ক্ষুব্ধ শিক্ষকসমাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *