যুবভারতীতে মুখোমুখি ভারত ও ব্রাজিল, গ্যালারিতে প্রবেশে পুলিশের কড়া নিষেধাজ্ঞা

মেসি-ম্যাচের বিশৃঙ্খলা কাটিয়ে শনিবাসরীয় সন্ধ্যায় ভারত-ব্রাজিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ঘিরে ফের উত্তেজনার পারদ চড়ছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। সদ্য পানামাকে আটকে দেওয়া খালিদ জামিলের ছেলেদের সামনে এবার ভিনিসিয়াস জুনিয়র, এনড্রিকদের মতো মহাতারকাদের পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল দল। এই মেগা ম্যাচ উপলক্ষে নবরূপে সেজে উঠেছে যুবভারতী, যেখানে প্রতিটি আসনে নির্দিষ্ট নম্বর, উন্নত শৌচাগার ও ফুড স্টলের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ব্রাজিল দল কলকাতায় পা রাখার কথা রয়েছে।
ঐতিহাসিক এই ম্যাচ ঘিরে বড়সড় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা স্টেডিয়াম। বিধাননগরের পুলিশ কমিশনার রাঠোর অমিত কুমার জানান, ফিফার আন্তর্জাতিক নিয়ম মেনে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং মাঠে ছাতা, জলের বোতল, লেজার লাইট, ব্যানার ও মাদকদ্রব্য নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। দর্শনার্থীদের সুবিধা এবং স্বাভাবিক যানচলাচলের জন্য বসানো হয়েছে ট্রাফিক সাইনেজ বোর্ড ও নির্দিষ্ট পার্কিং। বিশৃঙ্খলা এড়াতে এবং শান্তিপূর্ণভাবে খেলা সম্পন্ন করতে পুরো চত্বরে মোতায়েন থাকছে বিশাল পুলিশ বাহিনী।