স্বামী বান্ধবীকে নিয়ে লজে! গুন্ডা পাঠিয়ে তরুণীকে গণধর্ষণ করালেন স্ত্রী!

কেরলের একটি লজে স্বামীকে বান্ধবীর সঙ্গে দেখে চরম প্রতিশোধের ছক কষলেন স্ত্রী। তামিলনাড়ুর তিরুপ্পুরের বাসিন্দা এক তরুণী তাঁর বিবাহিত বন্ধুর সঙ্গে কেরলের ত্রিসুরের একটি লজে গিয়েছিলেন। স্বামী সেখানে আছেন জানতে পেরে তাঁর স্ত্রী কয়েকজন দুষ্কৃতী ভাড়া করেন এবং স্বামীর ফোনের লোকেশন ট্র্যাক করে তাদের লজে পাঠান। দুষ্কৃতীরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ঘরে ঢুকে ওই যুগলের হাত-পা বেঁধে ফেলে এবং একটি গাড়িতে করে তামিলনাড়ুতে নিয়ে যায়। পথিমধ্যে যুবককে বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে দেওয়া হয়।
পরবর্তীকালে অভিযুক্তরা ওই তরুণীকে অন্য একটি গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। অত্যাচারিত যুগল আলাদাভাবে পুলিশে অভিযোগ দায়ের করার পর মূল ঘটনাটি সামনে আসে। পুলিশি তদন্তে স্পষ্ট হয় যে, প্রতিশোধ নিতেই স্ত্রী এই নৃশংস ছক এঁকেছিলেন। ঘটনায় যুক্ত থাকার অপরাধে পুলিশ অভিযুক্ত স্ত্রী এবং ভাড়াটে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। ধৃতদের বিরুদ্ধে একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের করে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।