ক্লাসের মধ্যে আচমকা ফণা তুলে দাঁড়াল বিষধর গোখরো, ধূপগুড়ির স্কুলে তুলকালাম

ক্লাসের মধ্যে আচমকা ফণা তুলে দাঁড়াল বিষধর গোখরো, ধূপগুড়ির স্কুলে তুলকালাম

ধূপগুড়ি মহকুমার অন্তর্গত বোড়াগাড়ি বিএফপি ১ প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন আচমকা ঢুকে পড়ল একটি বিশালাকার বিষাক্ত গোখরো সাপ। শিক্ষকের উপস্থিতিতে ছাত্রছাত্রীরা যখন পড়াশোনায় ব্যস্ত ছিল, ঠিক তখনই শ্রেণিকক্ষের মধ্যে সাপের আগমন ঘটে। বিষধর গোখরোটিকে দেখেই চরম আতঙ্কে চিৎকার শুরু করে দেয় খুদে পড়ুয়ারা। পরিস্থিতি সামাল দিতে শিক্ষকরা তৎক্ষণাৎ সব ছাত্রছাত্রীকে উদ্ধার করে পাশের শ্রেণিকক্ষে সরিয়ে নিয়ে যান এবং নিরাপত্তার স্বার্থে ওই ক্লাসরুমটি তালাবন্ধ করে দেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ধূপগুড়ির স্থানীয় পরিবেশপ্রেমী সংগঠন ‘ডুয়ার্স নেচার অ্যান্ড স্নেক লাভার্স অর্গানাইজেশন’-এর সদস্য ভজন সাহা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উদ্ধার করার আগে প্রায় দু’ঘণ্টা ধরে প্রায় সাড়ে চার ফুট লম্বা এই গোখরো সাপটি স্কুলের বিভিন্ন ক্লাসরুমে ঘোরাফেরা করছিল, যার ফলে পঠনপাঠন সম্পূর্ণরূপে ব্যাহত হয়। শেষ পর্যন্ত পরিবেশপ্রেমীদের তৎপরতায় সাপটিকে নিরাপদে উদ্ধার করে জঙ্গলে মুক্ত করা হলে স্বস্তি ফেরে। তবে দক্ষিণবঙ্গের সাম্প্রতিক দুর্ঘটনার কথা মাথায় রেখে উত্তরবঙ্গের স্কুলেও এমন বিষধর সাপের অনুপ্রবেশে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে চিন্তিত অভিভাবকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *