দুর্গাপুজোর মতো প্রতি বছর হবে টেট, প্রাথমিকে নিয়োগের বড় ঘোষণা স্কুলশিক্ষামন্ত্রীর

রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের জটিলতা কাটিয়ে দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দিলেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মণ। বৃহস্পতিবার বিকাশ ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, বর্তমানে চলমান নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করে শূন্যপদের ভিত্তিতে প্রতি বছর নিয়ম করে টেট পরীক্ষা নেওয়া হবে। দুর্গাপুজো, কালীপুজো বা সরস্বতী পুজোর মতোই টেট পরীক্ষা নিয়মিত আয়োজনে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রীর এই নতুন ঘোষণায় দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে ফের নতুন করে আশার আলো দেখছেন রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থী।
উলেখ্য, ২০২২ সালের টেট উত্তীর্ণদের জন্য প্রায় ১৩,৪২১ টি শূন্যপদে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হলেও নির্বাচন ও প্রশাসনিক কারণে তা মাঝপথে স্থগিত হয়ে যায়। নদিয়া, পুরুলিয়া সহ একাধিক জেলার প্রক্রিয়া থমকে থাকায় চাকরিপ্রার্থীদের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এই পরিস্থিতিতে স্থগিত থাকা ইন্টারভিউ দ্রুত শুরু করার সংকেত দিয়েছে শিক্ষা দপ্তর। অন্যদিকে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের রাজ্য সাধারণ সম্পাদক বাপি প্রামাণিক জানান, শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করতে এবং কর্মসংস্থান বাড়াতে এই পদক্ষেপ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।