৩৩৭ কোটি টাকায় কলকাতা বিমানবন্দরে বিরাট রূপান্তর, রানওয়ে থেকে পার্কিংয়ে আসছে অবিশ্বাস্য বদল

নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৩৭ কোটি টাকা খরচে টার্মিনালের দক্ষিণ দিকে ‘অ্যাপ্রন’ অর্থাৎ বিমান দাঁড়ানোর জায়গা সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যাত্রী সংখ্যার ধারাবাহিক বৃদ্ধি সামলাতেই শুরু হচ্ছে এই তিন বছর মেয়াদী বিশাল প্রকল্প। এর আওতায় বিমানবন্দরে নতুন পার্কিং ‘বে’-র সংখ্যা ৭৩টি থেকে বাড়িয়ে এক ধাক্কায় ১৩২টিতে উন্নীত করা হবে। এছাড়া দেশীয় ও আন্তর্জাতিক যাত্রী পরিষেবা চত্বরের পরিধি বাড়ানোর পাশাপাশি বিমান রক্ষণাবেক্ষণ, জ্বালানি ভরা এবং গ্রাউন্ড-হ্যান্ডলিংয়ের পরিধি বহুগুণ বৃদ্ধি পেতে চলেছে।
কলকাতাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে এই বৃহত্তর পুনরুন্নয়ন প্রকল্পের আওতায় ২০৩২-৩৩ সালের মধ্যে বার্ষিক ৪.৫ কোটি যাত্রী পরিষেবার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। পাশাপাশি নির্মাণ করা হবে ২১টি অ্যারোব্রিজ সমৃদ্ধ একটি ‘ইউ’ আকৃতির আন্তর্জাতিক টার্মিনাল। বিমানবন্দরের রানওয়ের সক্ষমতাও প্রতি ঘণ্টায় ৩৫টি থেকে বাড়িয়ে ৪৫টি ফ্লাইট করা হচ্ছে। আগামী দিনে যাত্রী চলাচল ও বিমান পরিষেবা অবাধ রাখতে সরকারের এই বহুমুখী উন্নয়ন উদ্যোগ কলকাতা বিমানবন্দরকে আরও শক্তিশালী ও বিশ্বমানের করে তুলবে।