আগামী সপ্তাহে বর্ষার বিদায়, শেষবেলায় বঙ্গে বৃষ্টির সম্ভাবনা
/indian-express-bangla/media/media_files/2025/07/20/21-july-weather-kolkata-2025-07-20-14-08-57.jpg?w=640&fit=640,360&ssl=1)
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব ক্রমশ দুর্বল হওয়ায় দেশজুড়ে শুরু হয়েছে বর্ষার বিদায়পর্ব। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পার্শ্ববর্তী বিহার ও ঝাড়খণ্ড থেকে বর্ষা বিদায় নেবে। সাধারণত প্রতি বছর ১০ অক্টোবরের আশপাশ থেকে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিতে শুরু করে। ফলে আগামী সপ্তাহের মধ্যেই রাজ্য থেকে মৌসুমী বায়ুর বিদায় নিশ্চিত হতে চলেছে। তবে বর্ষার বিদায়ঘণ্টা বাজলেও এখনই পুরোপুরি বৃষ্টিমুক্ত হচ্ছে না বাংলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুজো ও উৎসবের মরশুমেও রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির ভ্রুকুটি আপাতত বহাল থাকছে।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি হারিয়ে বর্তমানে সাধারণ নিম্নচাপ হিসেবে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন নাগাল্যান্ড-মিজোরাম অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করায় বাতাসের আর্দ্রতাজনিত ভ্যাপসা অস্বস্তি বজায় থাকবে। বৃহস্পতিবার থেকে উপকূলীয় জেলাগুলি ছাড়াও কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও রবিবারের পূর্ব পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে শনিবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে বলে আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে।