বন্দে ভারতের দিকে বন্দুক তাক! হাওড়া স্টেশনে হঠাৎ NSG, তারপর যা ঘটল…

দেশের অন্যতম ব্যস্ত হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে রাতভর চলল এনএসজির রুদ্ধশ্বাস অভিযান। এনএসজির ২৯ স্পেশাল কম্পোজিট গ্রুপের নেতৃত্বে মধ্যরাতে বাস্তব পরিস্থিতির আদলে এই বিশাল যৌথ সন্ত্রাসবিরোধী মহড়া পরিচালিত হয়। সেখানে কমান্ডোরা ট্রেনের নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়া কাল্পনিক জঙ্গিদের নিকেশ করে পুরো ট্রেনটিকে নিরাপদ করেন। কোনো অপ্রীতিকর ঘটনা নয়, বরং হাওড়া স্টেশনের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় সম্ভাব্য সন্ত্রাসী হামলা মোকাবিলার প্রস্তুতি ঝালিয়ে নিতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছিল।
দুদিন ধরে চলা এই বিশেষ মহড়ায় এনএসজি কমান্ডোদের পাশাপাশি অংশ নেন আরপিএফ, পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, রাজ্য পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। জরুরি পরিস্থিতিতে নিরাপত্তা সংস্থাগুলির প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা এবং আন্তঃসংস্থা সমন্বয় নিখুঁত করাই ছিল এই ড্রিলের মূল লক্ষ্য। বিভিন্ন বাহিনীর মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদান এবং যৌথভাবে সঙ্কট মোকাবিলার কৌশল সফলভাবে যাচাই করা গেছে এই কমান্ডো অভিযানের মাধ্যমে।