জেসিবি দিয়ে দোকান উচ্ছেদ, ‘আইন নিজের হাতে নেওয়া যায় না’ কড়া মন্তব্য হাইকোর্টের

রাজ্যের একাধিক জায়গায় বেআইনিভাবে জেসিবি চালিয়ে দোকানদারদের উচ্ছেদের অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলার শুনানিতে অত্যন্ত কড়া মন্তব্য করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, দোকানদাররা বেআইনি দখলদার হলেও আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না এবং আইন মেনেই পদক্ষেপ করতে হবে। কোনো বেসরকারি ব্যক্তি নিজের মনমতো উচ্ছেদ চালাতে পারেন না উল্লেখ করে বিচারপতি প্রশ্ন তোলেন, কোনো নির্দেশ ছাড়াই কীভাবে জেসিবি ব্যবহার করা হলো?
একই সঙ্গে এই উচ্ছেদ অভিযানের সময় পুলিশের নীরব দর্শকের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে উচ্চ আদালত। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য জানান যে প্রশাসনের তরফে পরবর্তীতে ক্ষতিগ্রস্ত দোকানদারদের পুনর্বহাল করা হয়েছে। তবে হাইকোর্ট সাফ জানিয়েছে, কোনো উপযুক্ত কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া বেআইনিভাবে কাউকেই উচ্ছেদ করা সম্ভব নয় এবং সরকার বদলের অজুহাতে আইন নিজের হাতে তুলে নেওয়ার এই প্রবণতা বরদাস্ত করা হবে না।