অবৈধ দোকান উচ্ছেদে বুলডোজার কাণ্ড! হাই কোর্টের কড়া প্রশ্নে অস্বস্তিতে রাজ্য প্রশাসন – এক ঝলক

অবৈধ দোকান উচ্ছেদে বুলডোজার কাণ্ড! হাই কোর্টের কড়া প্রশ্নে অস্বস্তিতে রাজ্য প্রশাসন – এক ঝলক

একঝলক ডেস্ক:

অবৈধ দোকান উচ্ছেদ অভিযান ঘিরে কলকাতা হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য প্রশাসন। ফুটপাথ বা অন্যান্য জায়গা থেকে দোকান ভাঙতে বেসরকারি জেসিবি ব্যবহার এবং পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, দোকানদাররা অবৈধভাবে জায়গা দখল করে থাকলেও তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কিন্তু কোনওভাবেই বেসরকারি ব্যক্তিরা নিজের হাতে আইন তুলে নিতে পারেন না। উচ্ছেদ চলাকালীন পুলিশ সম্পূর্ণ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ তোলে আদালত।

মামলার শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল দাবি করেন যে প্রশাসনিক ভুল শুধরে নেওয়া হয়েছে এবং দোকানদারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। তবে বিচারপতি সাফ জানিয়ে দেন, উপযুক্ত কর্তৃপক্ষের সুনির্দিষ্ট নির্দেশ ছাড়া এভাবে বেআইনি জবরদখল হঠানোর নামে জোরজুলুম বরদাস্ত করা হবে না। পুজো পর্যন্ত উচ্ছেদ না করার নির্দেশ থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় উচ্ছেদ ইস্যুতে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *