বিজেপি ঠেকাতে চাইল, জনতা ভরিয়ে দিল শিবাজি পার্ক! কোন জাদুতে রাতারাতি তারকা ‘কক্রোচ পার্টি’? – এক ঝলক

একঝলক ডেস্ক:
২ অক্টোবর গান্ধীজয়ন্তীতে মুম্বইয়ের শিবাজি পার্কে এসআইআর কারচুপির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ‘জেল ভরো’ আন্দোলন করল ‘কক্রোচ জনতা পার্টি’ (সিজেপি)। দিল্লির যন্তরমন্তরের পর মাত্র দু’মাস ব্যবধানে এই সংগঠনের বিশাল জনসমাবেশ প্রমাণ করল যে সাধারণ মানুষের মধ্যে তারা কতটা প্রভাব ফেলেছে। বিজেপি সরকারের নানান চেষ্টা ও পুলিশি নিরাপত্তা সত্ত্বেও হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে যোগ দেন। ফলে রাজনীতিতে সরাসরি যুক্ত না থেকেও সিজেপি প্রধান অভিজিৎ দিপকে ও তাঁর দল এখন রাজনৈতিক মহলে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে।
আন্দোলন বানচালের উদ্দেশ্যে শিবাজি পার্ক চত্বর পুলিশে ছয়লাপ করা হয় এবং নানা জল্পনা ছড়ানো হয়। এমনকি ‘জেন জি নেক্সট’-এর ব্যানারে পাল্টা বিক্ষোভও দেখানো হয়। তবে এই সমস্ত বাধাকে উপেক্ষা করে হাজার হাজার মানুষের জমায়েত হয় সেখানে। প্রতিবাদ মঞ্চে মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীর উপস্থিতি অনুষ্ঠানটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করে অভিজিৎ দিপকে বলেন, জনগণের কষ্টার্জিত টাকায় বিদেশ ভ্রমণ বাদ দিয়ে দেশবাসীকে হিসাব দিতে হবে।