ব্রিটিশ নাগরিক হয়েও ভারতে শিক্ষকতা ও সরকারি বেতন! যোগীরাজ্যে বড়সড় পদক্ষেপে ইডি – এক ঝলক

একঝলক ডেস্ক:
ব্রিটিশ নাগরিকত্ব গোপন রেখে উত্তরপ্রদেশের এক মাদ্রাসায় শিক্ষকতা চালিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে শামসুল হুদা খান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ২০১৩ সালে তিনি ব্রিটেনের নাগরিকত্ব গ্রহণ করলেও আইন লঙ্ঘন করে ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে চাকরি ও সরকারি সুবিধা ভোগ করতে থাকেন। সংখ্যালঘু কল্যাণ ও ওয়াকফ দপ্তরের তদন্তে উঠে আসে যে, বেতন ও পেনশন বাবদ তিনি রাজ্য কোষাগার থেকে বড় অংকের অর্থ আত্মসাৎ করেছেন। এই জালিয়াতির ঘটনায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁর ৫৩.৪৬ লক্ষ টাকা মূল্যের জমি বাজেয়াপ্ত করেছে।
প্রাথমিক ভাবে উত্তরপ্রদেশ পুলিশের দায়ের করা এফআইআরের ভিত্তিতে মামলাটি হাতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অভিযুক্তের একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়। ইডির দাবি, ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর শামসুল পাকিস্তানের একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং বিভিন্ন সন্ত্রাসী বৈঠকে অংশ নেন। এই চাঞ্চল্যকর প্রতারণার ঘটনার পর থেকেই মামলার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে।