পঞ্চসায়রে বন্দি ফ্ল্যাটে হাড়হিম দৃশ্য, বৃদ্ধ দম্পতির রহস্যমৃত্যুতে চাঞ্চল্য – এক ঝলক

পঞ্চসায়রে বন্দি ফ্ল্যাটে হাড়হিম দৃশ্য, বৃদ্ধ দম্পতির রহস্যমৃত্যুতে চাঞ্চল্য – এক ঝলক

একঝলক ডেস্ক:

দক্ষিণ কলকাতার পঞ্চসায়র এলাকায় একটি বন্ধ ফ্ল্যাট থেকে অসিত আঁশ (৬৭) ও তাঁর স্ত্রী মন্দিরা আঁশের (৬০) দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে স্বজনরা ডাকাডাকি করে সাড়া না পেয়ে পেছনের জানালা দিয়ে অসিতবাবুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে অসিতবাবুর ঝুলন্ত দেহ এবং বিছানা থেকে তাঁর স্ত্রীর নিথর দেহ উদ্ধার করে। কয়েক বছর আগে একমাত্র ছেলের মৃত্যুর পর থেকেই এই দম্পতি চরম মানসিক অবসাদে ভুগছিলেন। পাশাপাশি সম্প্রতি মারাত্মক শারীরিক অসুস্থতা ও তীব্র আর্থিক অনটন তাঁদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছিল।

ঘটনাস্থল থেকে পুলিশ ১ লক্ষ টাকা এবং একটি সুইসাইড নোট উদ্ধার করেছে, যেখানে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি এবং ওই টাকায় তাঁদের শেষকৃত্য সম্পন্নের ইচ্ছা প্রকাশ করা হয়েছে। প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ ও শারীরিক কষ্ট সহ্য করতে না পেরে দম্পতি একযোগে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, অথবা স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে অসিতবাবু নিজে আত্মঘাতী হয়েছেন। তবে স্ত্রীর মৃত্যুর পর অসিতবাবু চরম পদক্ষেপে বাধ্য হয়েছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *