জরায়ু ছাড়াই মাতৃত্বের স্বপ্ন সত্যি! চিকিৎসাবিজ্ঞানে অবিশ্বাস্য সাফল্য, তাক লাগাল নতুন গবেষণা!

জন্মগতভাবে জরায়ু না থাকা বা অস্ত্রোপচারের কারণে তা বাদ পড়া মহিলাদের মাতৃত্বের স্বাদ দিতে নতুন দিগন্ত খুলে দিয়েছে চিকিৎসাবিজ্ঞান। আমেরিকার ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার পেন মেডিসিনের সাম্প্রতিক গবেষণায় জরায়ু প্রতিস্থাপনের ক্ষেত্রে অভাবনীয় সাফল্যের কথা সামনে এসেছে। প্রখ্যাত জার্নালে প্রকাশিত এই গবেষণায় ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত আমেরিকার চারটি কেন্দ্রে সম্পন্ন ৬০টি প্রতিস্থাপনের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, জরায়ু প্রতিস্থাপন করা মহিলাদের প্রায় ৭০ শতাংশই অন্তত একটি সুস্থ ও জীবিত সন্তানের জন্ম দিয়েছেন।
গবেষণার তথ্য অনুযায়ী, অস্ত্রোপচারের পর প্রথম ৩০ দিন টিকে থাকা প্রতিস্থাপিত জরায়ুগুলির ক্ষেত্রে সাফল্যের হার ৮২ শতাংশেরও বেশি। এই পদ্ধতিতে একাধিক মহিলার দুটি করে সুস্থ সন্তান জন্ম দেওয়ার নজির রয়েছে এবং শিশুদের শারীরিক বিকাশও সম্পূর্ণ স্বাভাবিক পাওয়া গেছে। তবে পদ্ধতিটি অত্যন্ত জটিল হওয়ায় এবং সাধারণ মানুষের জন্য খরচ বেশি থাকায় এর সুযোগ প্রসার ঘটানো বড় চ্যালেঞ্জ। তা সত্ত্বেও, এই চিকিৎসাব্যবস্থা জন্মগতভাবে জরায়ুহীন বা জটিলতায় ভোগা মহিলাদের জীবনে মাতৃত্বের এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।