‘এরা সন্ত্রাসী না হলে কারা?’ বিকাশরঞ্জনের বাড়িতে মদের বোতল দিয়ে তাণ্ডব, চরম হুঁশিয়ারি প্রবীণ আইনজীবীর
পূর্ব যাদবপুর: প্রবীণ আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ পূর্ব যাদবপুরে তাঁর বাসভবনে এক বাইকআরোহী দুষ্কৃতী এই তাণ্ডব চালায়। মুখ কাপড়ে বেঁধে এবং বাইকের নম্বর প্লেট ঢেকে এসে ওই ব্যক্তি একটি সাদা পলিথিন ব্যাগ থেকে একের পর এক মদের বোতল বের করে বাড়ির দিকে ছুড়তে থাকে। বোতলের আঘাতে জানলার কাচ ভেঙে চুরমার হয়ে যায় এবং বিকাশরঞ্জনের নাম নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে দুষ্কৃতী। ঘটনার সময় বাড়ির সহায়িকা অল্পের জন্য শারীরিক আঘাত থেকে রক্ষা পান। হামলার পুরো দৃশ্যটি বাড়ির সিসিটিভি (CCTV) ক্যামেরায় বন্দি হয়েছে।
ঘটনার পর পুলিশে অভিযোগ জানানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম ক্ষোভ উগরে দেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি লেখেন, “গুন্ডারা এসেছিল মুখ ঢেকে, মোটরবাইকের নম্বর প্লেট ঢেকে। খুব পরিকল্পিত আক্রমণ। এরা যদি সন্ত্রাসী না হয় তবে কারা? ওই সব সন্ত্রাসীরা জেনে রাখুন, আমাকে ভয় দেখানো যাবে না। এবার আমি আগ্নেয়াস্ত্রর লাইসেন্স নেব।”
এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। হামলাটিকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে তিনি বলেন, রাজ্যজুড়ে এক অদ্ভুত নৈরাজ্যের শাসন চলছে, যেখানে আইনজীবী ও জনপ্রতিনিধি—কেউই সুরক্ষিত নন। পূর্বে আইনজীবী সায়ন ব্যানার্জী, শামিম আহমেদ এবং বিধায়ক কুণাল ঘোষের ওপর প্রাণঘাতী হামলার প্রসঙ্গ টেনে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সওয়াল তোলেন তিনি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।