কুনোয় চোরাশিকারির হামলা! মিলল ৫টি গুলি, বিপাকে বন্যপ্রাণ সুরক্ষা?

মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে চোরাশিকারির গুলিতে একটি ১৯ মাস বয়সি পুরুষ চিতা শাবকের মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গত রবিবার মোরেনার পাহাড়পুর এলাকা থেকে জখম অবস্থায় ওই শাবকটিকে উদ্ধার করে কুনোর পশু চিকিৎসালয়ে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ময়নাতদন্ত ও উন্নত সিটি স্ক্যানের পর চিকিৎসকরা তার শরীর থেকে পাঁচটি ছররা গুলি উদ্ধার করেন। অস্ত্রোপচার ও বাঁচানোর আপ্রাণ চেষ্টা সত্ত্বেও শাবকটিকে বাঁচানো সম্ভব হয়নি। ২০২২ সালে ভারতে চিতা পুনর্বাসন প্রকল্প শুরুর পর এটিই চোরাশিকারের কবলে পড়ে প্রথম চিতার মৃত্যুর ঘটনা।
এই মর্মান্তিক ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। মধ্যপ্রদেশ সরকার বন বিভাগ ও পুলিশ আধিকারিকদের নিয়ে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে এবং রাজ্য প্রধান মুখ্য বন সংরক্ষক উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, ১৯৪৭ সালের পর ভারতে এটিই প্রথম চিতা হত্যার নথিভুক্ত ঘটনা। অতীতে দেশ থেকে এশিয়াটিক চিতা বিলুপ্ত হওয়ার পর মোদি সরকারের উদ্যোগে নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে চিতা এনে কুনোয় পুনর্বাসন দেওয়া হয়েছিল। বর্তমানে দেশজুড়ে চিতার সংখ্যা ৫৮টি হলেও, এই সুরক্ষিত অভয়ারণ্যে চোরাশিকারের উপস্থিতি এবং বন্যপ্রাণ নিরাপত্তার বেহাল দশা এখন বড় প্রশ্নের মুখে দাঁড়িয়েছে।