বইয়ের স্টল ভাঙচুর নিয়ে দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য, বামেদের তীব্র আক্রমণ!

বামপন্থীদের ‘বাংলাদেশে চলে যাওয়ার’ পরামর্শ দিলীপ ঘোষের
মুর্শিদাবাদ: বামপন্থীদের তীব্র আক্রমণ করে তাঁদের সরাসরি বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। মুর্শিদাবাদের একটি দলীয় অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বামেদের ‘বিলুপ্তপ্রায়’ শক্তি হিসেবে অভিহিত করেন।
বামেদের বুক স্টল ভাঙচুর ও বাধার অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “ওদের বুক স্টলে কেউ বাধা দেয়নি। নিজেদের ঝামেলা নিজেরা সৃষ্টি করে খবরের শিরোনামে আসার চেষ্টা করছেন তাঁরা।” তিনি আরও যোগ করেন, “বামপন্থীদের স্টলে বই পড়ার মানুষ নেই। সাধারণ মানুষ তো দূরের কথা, তাঁরা নিজেরাও নিজেদের বই পড়েন না। এরকম স্টলগুলোকে মিউজিয়াম বানিয়ে রেখে কোনো লাভ নেই।”
নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে বিজেপি নেতা বলেন, “আমি ৪০-৪৫ বছর ধরে জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত। আমরা যখন জাতীয়তাবাদী বইয়ের স্টল দিতে যেতাম, তখন বাঁশ পুঁততেও বাধা দেওয়া হতো। অথচ আজ ওরা কাল্পনিক অভিযোগ তুলছে।”
বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে বামেদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “সারা বিশ্বের মানুষ যখন ওদের প্রত্যাখ্যান করেছে, তখন এখানে তাঁদের লালন-পালন করে মিউজিয়ামে রাখার অর্থ কী? আমাদের তাঁদের প্রতি কোনো মায়া নেই। যেখানে ওদের জায়গা আছে, বরং তাঁরা সেখানেই অর্থাৎ বাংলাদেশে চলে যাক।”