বিচারপতিদের রাজনৈতিক পরিচয় নিয়ে মন্তব্যের জেরে অভিষেকের আইনজীবীকে ভর্ৎসনা হাইকোর্টের

বিচারপতিরা কি বিজেপির, নাকি তৃণমূলের? কোন বিচারপতি কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন, সেই তালিকা আদালতে পেশ করুন— অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে তাঁর আইনজীবীকে এমনই বেনজির ভাষায় ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। পাশাপাশি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের নিরাপত্তা কমানো নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তও এ দিন আদালতের প্রশ্নের মুখে পড়েছে।
রাজ্যের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য আদালতে অভিষেকের মন্তব্যের প্রসঙ্গ তুলে দাবি করেন, বিচারব্যবস্থাকে নিয়ে এই ধরনের মন্তব্য আদালত অবমাননার সামিল। তিনি সোশ্যাল মিডিয়ায় থাকা ওই মন্তব্যের ভিডিয়োও আদালতের সামনে তুলে ধরেন। এর প্রেক্ষিতে বিচারপতি রাও অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য ও শোয়েব আলমের উদ্দেশে বলেন, ‘আপনার মক্কেলকে আগে বলুন, কোন বিচারপতিরা বিজেপির এবং কারা তৃণমূলের। তালিকা দিন। আপনার মক্কেল তো অত্যন্ত বুদ্ধিমান!’
অভিষেকের আইনজীবী শোয়েব আলম জানান, তাঁর মক্কেলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। ২০১৩ সাল থেকে জেড প্লাস নিরাপত্তা পেলেও বর্তমানে তা কমিয়ে দেওয়া হয়েছে এবং তাঁর মক্কেলের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
আদালত অবশ্য শুধু রাজনৈতিক মন্তব্যের প্রশ্নেই আটকে থাকেনি। অভিষেকের নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েও রাজ্যের কাছে ব্যাখ্যা চেয়েছে কোর্ট। বিচারপতি রাও জানতে চান, নিরাপত্তা পর্যালোচনার জন্য কি ছয় মাস অপেক্ষা করতেই হবে, নাকি পরিস্থিতির প্রয়োজনে তার আগেই পর্যালোচনা সম্ভব? এই বিষয়ে রাজ্যের অবস্থান জানতে চেয়েছে আদালত। নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানি শেষে হাইকোর্ট আপাতত রায়দান স্থগিত রেখেছে।