গাছের দীর্ঘায়ু কামনায় অভিনব ‘বোনফোঁটা’

ভাইফোঁটার আবহে প্রকৃতির সঙ্গে মানুষের আত্মিক সম্পর্ক আরও দৃঢ় করতে হাওড়ার তেলকলঘাটে আয়োজিত হলো অভিনব ‘বোনফোঁটা’ উৎসব। বৃহস্পতিবার সকালে পরিবেশকর্মী সুভাষ দত্তের উদ্যোগে নাগা বাবার আশ্রমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাছের দীর্ঘায়ু কামনার পাশাপাশি এ দিন আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের শিকার চিকিৎসক অভয়াকেও স্মরণ করা হয়।
প্রতি বছরের মতো এবারও আশ্রমের একটি প্রাচীন বটগাছকে ফুলের মালা দিয়ে সাজানো হয়। উপস্থিত মহিলা পরিবেশকর্মীরা গাছের গায়ে চন্দনের ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন। শাঁখধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। এই উদ্যোগ ঘিরে তেলকলঘাট চত্বরে উৎসবের পরিবেশ তৈরি হয়।
পরিবেশকর্মী সুভাষ দত্ত বলেন, ‘গোটা পৃথিবীজুড়েই যে ভাবে সবুজ নিধন চলছে, তাতে প্রকৃতির অস্তিত্ব আজ সঙ্কটের মুখে। মানুষের সঙ্গে প্রকৃতির মেলবন্ধন আরও দৃঢ় করতেই এই বোনফোঁটার আয়োজন। গাছ কাটা এবং জলাশয় ভরাট বন্ধ করার বার্তা দিতেই আমাদের এই উদ্যোগ।’
পাশাপাশি, এ দিনের অনুষ্ঠানে আরজি করের নিহত চিকিৎসক অভয়াকেও স্মরণ করা হয়। সুভাষ দত্ত বলেন, ‘দেশের বিচারব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ রয়েছে। মানুষ চাইছেন, বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন হোক এবং দোষীরা উপযুক্ত শাস্তি পাক। বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে, সেটাই আজ সাধারণ মানুষের প্রত্যাশা।’ প্রকৃতির সুরক্ষা এবং অভয়ার ন্যায়বিচারের দাবিকে একসূত্রে বেঁধে এ দিনের এই অনুষ্ঠান পরিবেশ ও সামাজিক সচেতনতার বার্তা তুলে ধরল।