জার্সি ছেড়ে অন্তর্বাস! ক্যালভিন ক্লেইনের ক্যাম্পেনে পেশির ঝড়ে কাঁপল নেটপাড়া!

জার্সি ছেড়ে অন্তর্বাস! ক্যালভিন ক্লেইনের ক্যাম্পেনে পেশির ঝড়ে কাঁপল নেটপাড়া!

 

ক্যালভিন ক্লেইনের নতুন মুখ জুড বেলিংহাম

নিজস্ব প্রতিবেদক: ফুটবল মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি ফ্যাশন দুনিয়াতেও নিজের আধিপত্য বজায় রাখছেন ইংল্যান্ড ও রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার জুড বেলিংহাম। মার্কিন ফ্যাশন ব্র্যান্ড ‘ক্যালভিন ক্লেইন’-এর নতুন ক্যাম্পেনের মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছেন ২৩ বছর বয়সি এই ফুটবলার।

সম্প্রতি ব্র্যান্ডটির ‘দ্য আইকন আন্ডারনিথ’ (The Icon Underneath) শিরোনামের ক্যাম্পেনে বেলিংহামকে বেশ আকর্ষণীয় ও আত্মবিশ্বাসী অবতারে দেখা গেছে। গত গ্রীষ্মে স্পেনের মাদ্রিদে আলোকচিত্রী অলিভার হ্যাডলি পার্চ এই ক্যাম্পেনের ছবিগুলো ধারণ করেন। এর আগে নিউইয়র্কের সোহো-তে একটি বিলবোর্ডে বেলিংহামের পেশিবহুল শরীরের ছবি দিয়ে টিজার প্রকাশ করা হয়েছিল। ছবিতে তার মুখ দেখা না গেলেও, কাঁধে থাকা অস্ত্রোপচারের দাগ দেখে ভক্তরা সহজেই তাকে চিনে ফেলেন।

বেলিংহামকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে ক্যালভিন ক্লেইনের চিফ মার্কেটিং অফিসার জোনাথন বটমলি জানান, ফুটবলারের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রায় ৫ কোটি ৭০ লক্ষ ফলোয়ারের বিষয়টি এই চুক্তিতে বড় ভূমিকা রেখেছে।

নতুন এই ক্যাম্পেন প্রসঙ্গে জুড বেলিংহাম বলেন, “ক্যালভিন ক্লেইনের মতো একটি আইকনিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করা দারুণ অভিজ্ঞতার। ‘দ্য আইকন আন্ডারনিথ’ ধারণাটি আমার খুব ভালো লেগেছে। নিজের ভেতরে স্বাচ্ছন্দ্য বোধ করাই আত্মবিশ্বাসের মূল ভিত্তি।” বিজ্ঞাপনের থিমে বেলিংহামের মাঠে গোল করার পর দুই হাত প্রসারিত করে করা বিখ্যাত সিগনেচার সেলিব্রেশনটিকেও বেশ শৈল্পিকভাবে তুলে ধরা হয়েছে।

ফ্যাশন বিশ্বে বেলিংহাম অবশ্য নতুন মুখ নন। এর আগে তিনি লুই ভিত্তোঁ এবং কিম কার্দাশিয়ানের ‘স্কিমস মেন্স’ লাইনের হয়ে কাজ করেছেন। এর আগে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, ভার্জিল ভ্যান ডাইক ও সন হিউং-মিনের মতো তারকারা ক্যালভিন ক্লেইনের হয়ে কাজ করলেও, বেলিংহাম তার ফ্যাশন সচেতনতা ও নান্দনিক উপস্থাপনার মাধ্যমে পূর্বসূরিদের ছাপিয়ে নতুন উচ্চতায় পৌঁছেছেন বলে মনে করছেন ফ্যাশনবোদ্ধারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *