স্বপ্ননগরীর স্বাদেও যুদ্ধের থাবা! এলপিজি সঙ্কটে কি তবে ইতিহাস হতে চলেছে দিল্লির বিখ্যাত স্ট্রিট ফুড?

দিল্লির রাস্তায় মিলছে না প্রিয় ছোলে ভাটুরে! শঙ্কর মার্কেট থেকে কনট প্লেস— সর্বত্রই এখন হাহাকার। মধ্য এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে লাগল আম আদমির হেঁশেলে। রান্নার গ্যাসের আকাল আর জ্বালানির আকাশছোঁয়া দামের চক্করে রাজধানীর স্ট্রিট ফুড ব্যবসায় নেমে এসেছে অন্ধকার।
খাবারের সন্ধানে আসা ভোজনরসিকদের পাতে এখন শুধুই নিরাশা। শঙ্কর মার্কেটের নামী দোকানগুলো থেকে একে একে উধাও হচ্ছে ডাল মাখনি আর ছোলে ভাটুরের মতো আইটেম। গোট দেশ থেকে আসা পর্যটকরাও দিল্লির এই চেনা স্বাদ না পেয়ে ক্ষুব্ধ। দোকানের মালিক দীপক জানালেন, গ্যাস নেই বলে নিরুপায় হয়ে ইন্ডাকশন ওভেনে রুটি সেঁকছেন। অন্যদিকে কয়লা বা কাঠের আগুনে রান্নার চেষ্টা চলায় খাবারের মান নিয়ে উঠছে প্রশ্ন, বাড়ছে দূষণ।
বিজয় পরাশর বা রামচন্দ্রদের মতো ধাবা মালিকদের চোখেমুখে এখন চরম অনিশ্চয়তা। কর্মীদের রুটিরুজির টানে ধুঁকতে থাকা ব্যবসা টিকিয়ে রাখাই এখন দায়। বিশ্বরাজনীতির জটিল সমীকরণে দিল্লির অলিগলি আজ সত্যিই স্বাদে-গন্ধে বড়ই বিবর্ণ। পরিস্থিতির উন্নতি কবে হবে, সেই উত্তর এখন কারো জানা নেই।