রান্নার গ্যাসের দাম হবে ২০০০ টাকা! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের

রান্নার গ্যাসের দাম হবে ২০০০ টাকা! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের

পুরুলিয়ার মাটি থেকে এবার চড়া সুরে বিজেপিকে বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঝালদার জনসভা থেকে তিনি দাবি করেন, উন্নয়নের নামে বিজেপি আসলে ধর্ম আর জাতির বিভেদ তৈরি করছে। এমনকি নির্বাচনের পরেই রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া হয়ে ২ হাজার টাকায় পৌঁছাতে পারে বলে সাধারণ মানুষকে সতর্ক করেছেন তিনি।

এদিন বেন্দুয়ারি কুঞ্জ ময়দানের সভা থেকে স্থানীয় বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত এবং চার বিধায়ককে উন্নয়নের খতিয়ান নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেক। তাঁর প্রশ্ন, গত পাঁচ বছরে এলাকার মানুষের জন্য তাঁরা ঠিক কী কাজ করেছেন? অভিষেক অভিযোগ করেন, ১০০ দিনের কাজ থেকে শুরু করে আবাসন যোজনা—বাংলার হকের টাকা আটকে রেখেছে কেন্দ্র। যদি কেউ প্রমাণ করতে পারেন যে এই প্রকল্পগুলোতে কেন্দ্র সঠিক টাকা দিয়েছে, তবে তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলেও হুঙ্কার ছাড়েন।

তৃণমূল নেতার নিশানায় ছিল বিজেপির ‘পরিবারতন্ত্র’ এবং আদিবাসী বিরোধী মানসিকতাও। তিনি মনে করিয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কুর্মালী ভাষাকে তফশিলি অন্তর্ভুক্তির সুপারিশ থেকে শুরু করে রাজবংশী ভাষার স্বীকৃতি—সবক্ষেত্রেই আঞ্চলিক সংস্কৃতি রক্ষায় অনড়। অন্যদিকে, বিজেপি নেতাদের ‘জমিদার’ আখ্যা দিয়ে ভোটারদের উদ্দেশে তাঁর চতুর পরামর্শ, “বিজেপি টাকা দিলে নিয়ে নিন, কিন্তু ভোটটা তৃণমূলকেই দিন।” নোটবন্দি থেকে শুরু করে বর্তমান জনবিরোধী নীতির প্রসঙ্গ টেনে মোদি সরকারকে ‘ভণ্ড’ বলতেও দ্বিধা করেননি অভিষেক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *